হরতালবিরোধী মিছিলের সময় ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সংঘর্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গতকাল বৃহস্পতিবার হরতালবিরোধী মিছিলের সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গতকাল দুপুরে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমানের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের হয়। একই সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাসুম চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল ভুলতায় দুই পক্ষ মিছিল নিয়ে মুখোমুখি হলে প্রথমে বাগিবতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে একপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন।