হরতালবিরোধী সমাবেশে এসে ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু মিছিল শুরু হওয়ার আগে টিএসসি-সংলগ্ন ডাস চত্বরে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু করেন নেতা-কর্মীরা। এতে দুজন আহত হন।বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ।আহত ব্যক্তিরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মোজাম্মেল হক এবং ইতিহাস বিভাগের দেলোয়ার হোসেন। দুজনই ছাত্রলীগের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের অনুসারী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকি ৎসাধীন রয়েছেন।বহিষ্কৃত কর্মীরা হলেন সূর্যসেন হলের সাইফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ওই হলের আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘টিএসসিতে মারামারির ঘটনায় তারা জড়িত ছিল, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ে হরতালবিরোধী মিছিল-সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় জড়ো হন। এ সময় ডাস চত্বরে বসাকে কেন্দ্র করে সূর্যসেন হলের নেতা-কর্মীদের সঙ্গে জিয়া হলের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারধরে গড়ায়। এ সময় জিয়া হলের দেলোয়ার ও মোজাম্মেল আহত হন। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।