বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ঢাকায় ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে সিলেটের চার জেলায় গতকাল বুধবার সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। কোথাও বড় ধরনের সহিংস ঘটনা ঘটেনি। হরতাল চলাকালে সিলেট নগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসহ আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে নগরের উপকণ্ঠে কিছু এলাকায় অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এদিকে আগামী সোমবার সিলেট নগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্থানীয় বিএনপি এই হরতালে সমর্থন দিয়েছে। এ ছাড়া আজ শুক্রবার বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা গতকাল ভোর ছয়টা থেকে নগরের বিভিন্ন মোড় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে জড়ো হন। সকাল আটটার পর তাঁরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নগরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলাদাভাবে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করে। দুপুরে কোর্ট পয়েন্টে একটি সমাবেশও হয়। হরতালে নগরের সব দোকানপাট বন্ধ থাকে। যানবাহন চলাচলও পুরোপুরি বন্ধ ছিল। কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস-আদালতে উপস্থিতি ছিল কম। তবে সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল শুরুর পর সিলেট-তামাবিল সড়কে একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেলে নগরের জিন্দাবাজার এলাকার পুরান লেন সড়কের মুখে ও সুবিদবাজার এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। বিকেলে জেলা ও মহানগর বিএনপি কোর্ট পয়েন্টের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে। এ কারণেই নিখোঁজ হওয়ার দুই দিন পরও সরকার মুখ খুলছে না। টিপাইমুখে বাঁধ নির্মাণবিরোধী আন্দোলনসহ সাধারণ মানুষের পক্ষে কথা বলায় ইলিয়াসকে সরকারের ‘গুম বাহিনী’ অপহরণ করেছে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াসের অবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সাবেক সাংসদ শাহীনূর পাশা চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। নতুন কর্মসূচি: হরতাল শেষে কোর্ট পয়েন্টে বিএনপির সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ শুক্রবার সিলেটের দরগাহ, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনা, শনিবার অবস্থান ধর্মঘট ও পরদিন রোববার কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী হরতালের সঙ্গে ‘সিলেটবাসী’র একাত্মতার কর্মসূচি দেয়।হবিগঞ্জ প্রতিনিধি: হরতালে শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতিও ছিল কম। ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম প্রায় বন্ধ ছিল। হরতালের সমর্থনে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। বেলা ১১টার দিকে ওই এলাকায় পুলিশ জুবায়ের নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপির নেতা-কর্মীরা জোবায়েরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। এদিকে হরতাল চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে কোনো যানবাহন চলাচল করেনি। মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার এলাকায় হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে ১৫ জন আহত হন। পুলিশ যুবদলের দুজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বড়লেখা সদরে ১৪৪ ধারা জারি করে। সুনামগঞ্জ: সুনামগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম। শহরে বিএনপির নেতা-কর্মীরা দিনভর খণ্ড খণ্ড মিছিল করেন। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে সুনামগঞ্জ অফিস, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি)।