হরতালে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা
ফেনীতে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময় জামায়াত-শিবিরের পিকেটারদের ধাওয়া খেয়ে মারা যাওয়া অটোরিকশাচালকের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকে হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী (বড়বাড়ি) গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. ইমাম হোসেন ফেনী শহরের নাজির রোডের মাথা থেকে যাত্রী নিয়ে গুণবতীতে যাচ্ছিলেন। ফেনী-কুমিল্লা সড়কের শান্তি কোম্পানি রোডের মাথায় পৌঁছামাত্র জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করেন। দ্রুত চলে যাওয়ার চেষ্টার সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে তাঁর অটোরিকশাটি উল্টে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত সকাল ১০টায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সোয়া একটার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।