হরতালে অসহায় দরিদ্র শ্রমজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরতলির বজরুক বড়িয়া গ্রামের হতদরিদ্র কাশেম আলী (৫২) রিকশা চালিয়ে তাঁর পাঁচ সদস্যের সংসার চালান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তিনি শহরে রিকশা চালান। কিন্তু গতকাল বৃহস্পতিবার তাঁর রিকশার হুড ভেঙে দেন পিকেটাররা। শহরের জহুরুল নগর এলাকার একটি গ্যারেজে ওই রিকশা মেরামতের সময় কথা হয় কাশেমের সঙ্গে। এ সময় তিনি জানান, প্রতিদিনের মতো গতকালও তিনি রিকশা নিয়ে বের হন। স্টেশন থেকে যাত্রী নিয়ে জলেশ্বরীতলায় যাচ্ছিলেন। সেন্ট্রাল স্কুলের সামনে দিয়ে পানির ট্যাংকির গলির মুখে আসতেই কয়েকজন পিকেটার তাঁর রিকশার হুড ভেঙে ফেলেন। বাধা দিতে গেলে একজন যুবক তাঁকে লাথি মারেন। যাত্রীকেও লাঞ্ছিত করা হয়। রিকশার হাওয়া ছেড়ে দেওয়ার পর পিকেটাররা ছেড়ে দেন তাঁকে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘হাসিনা-খালেদার খালি গদির চিন্তা। হামাকেরে মতো গরিব মানুষেকেরে প্যাটের চিন্তা করার সময় তারকের নাই। এক দিন রিকশার চাকা না ঘুরলি সংসারের পাঁচজন মানুষকে উপোস থাকপার লাগবি। দ্যাশের দুই লেতাকই কচ্চি, হামাকেরে প্যাটত লাত্তি না মাইরে সংসদত আইন কইরা হরতাল বন্ধ করেন। বন্ধ করতে না পারলে হামাকরক হরতালের দিন ভাতা দেওয়ার ব্যবস্থা করেন।’কাশেমের মতো বিভিন্ন গ্রাম-মহল্লা থেকে শহরে রিকশা চালাতে আসেন প্রতিদিন গড়ে আট থেকে ১০ হাজার দরিদ্র মানুষ। তাঁদের সবার দাবি, হয় আইন করে হরতাল বন্ধ করা হোক, নয় হরতালে শ্রমজীবীদের জন্য বিশেষ ভাতা চালু করা হোক।ট্রাফিক পুলিশ ও পৌরসভায় খোঁজ নিয়ে জানা গেছে, বৈধ-অবৈধ মিলে শহরে প্রতিদিন প্রায় ১০ হাজার রিকশা চলাচল করে। প্রতিদিন ভোরে শ্রমজীবী মানুষেরা গ্রাম থেকে শহরে এসে রিকশা চালান। প্রতিদিন তাঁরা যে আয় করেন সেই টাকায় তাঁদের সংসার চলে। হরতালের কারণে রিকশা চালাতে না পারলে তাঁদের উপোস থাকতে হয়। এ ছাড়া শহরে আরও প্রায় আট-১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে এসব অটোরিকশা চালান দরিদ্র চালকেরা। হরতালের দিনে এসব অটোরিকশা চালককেও দুর্ভোগে পড়তে হয়।স্টেশন সড়কে বেলা ১১টার দিকে কথা হয় গাবতলীর নাড়ুয়ামালা থেকে আসা রিকশাচালক সামাদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘হরতালে শহরত লোকজন নাই। সকালে রিকশা লিয়ে বের হচি। পিকেটারগেরে দাবড়ানি খায়্যা রিকশা চলাচ্চি। অন্য দিন এ সময় ১০০-১৫০ টেকা কামাই হচ্চিল, আজ ২০ টেকা কামাই হচে।’স্টেশন বস্তি রেল কলোনির রিকশাচালক শাহিন মিয়া বলেন, ‘লেতারা প্রতিদিনই হরতাল দিচ্চে। এক দিন রিকশার চাকা না ঘুরলি হামাকেরে প্যাটত ভাত জুটপি না। হরতাল দিয়্যা লেতারা তো গদিত যাবি, রাজনীতি করবি, টেকা কামাবি, কষ্ট খালি হচ্চে হামাকেরে। আইন করে হরতাল বন্ধ করলি হামাকেরে মতো গরিব মানুষগুলা শান্তিত থাকপি।’