হরতালে অ্যাম্বুলেন্সও বন্ধ দুর্ভোগে মুমূর্ষু রোগী
দুই দফায় পিকেটারদের হামলা-ভাঙচুরের শিকার হওয়ার পর হরতাল চলাকালে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক সুলতান বলেন, গাড়িটি দুই দফায় হামলার শিকার হয়েছে। নতুন করে ভাঙচুর এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্যই অ্যাম্বুলেন্সটি হরতালের সময়কালে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক রুহুল আমিন বলেন, গত ২৭ অক্টোবর রাতে একজন মুমূর্ষু রোগী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেখে ফেরার পথে এবং ৪ নভেম্বর রাতে একইভাবে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি পিকেটারদের হামলার শিকার হয়। তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় কর্তৃপক্ষের নির্দেশে হরতালে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হরতালের সময় সংঘর্ষ ও দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিতে তাঁরাও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পুলিশের গাড়ি ব্যবহার করতে হচ্ছে।
উপজেলার গোঁড়তা গ্রামের জোগেশ সিং বলেন, ৫ নভেম্বর হরতালের দিনে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় তাঁর একজন লোক গুরুতর জখম হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর রোগীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরে পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় তিনি অতিরিক্ত টাকা দিয়েও কোনো সাধারণ গাড়ি পাননি। শেষ পর্যন্ত তাঁকে থানা-পুলিশের শরণাপন্ন হতে হয়েছে।
একই কথা বলেন গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ৬০ ঘণ্টা হরতালের সময়কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই হাসপাতালে স্থানান্তর করা মুমূর্ষু আরও ছয়জন রোগীর স্বজনেরা।
ওসি আমিনুল ইসলাম বলেন, মুমূর্ষু রোগী স্থানান্তর নিয়ে কোনো সমস্যা যাতে না হয়, সে জন্য রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।