হরতালে আটক বিএনপির ছয় কর্মী বিভিন্ন মামলায় গ্রেপ্তার
নোয়াখালী শহর থেকে গত মঙ্গলবারের হরতাল চলাকালে ও হরতালের আগে আটক বিএনপির ছয় নেতা-কর্মীকে হত্যা, ডাকাতি, ছিনতাই ও একটি স্থানীয় সংবাদপত্র কার্যালয়ে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বিএনপির সূত্র জানায়, হরতাল চলাকালে ও হরতালের আগের রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ১৫ জনকে আটক করে। তাঁদের মধ্যে নয়জনকে মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হলেও বাকি ছয়জনকে তদন্তাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।সূত্র জানায়, তিনজনকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের পূর্বমাইজচরা এলাকার একটি হত্যা ও স্থানীয় একটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মাহবুুবুর রহমান, রাজধানীর শেখ বোরহানউদ্দিন কলেজের ছাত্র নজরুল ইসলাম ও নোয়াখালী সরকারি কলেজের ছাত্র আবুল কাশেম। এ ছাড়া বিএনপি ও যুবদলের কর্মী মো. হানিফ, মো. সোহাগ ও ওমর ফারুককে পৃথক দুটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।বিএনপির ক্ষোভ: দলীয় নেতা-কর্মীদের তদন্তাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান অভিযোগ করেন, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন রাজনৈতিক কর্মীদের হত্যা-ডাকাতির মতো মামলায় জড়াতেও দ্বিধা করেননি। গতকাল বুধবার শহরের ফকিরপুর এলাকার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।