
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। হরতাল-সমর্থক, হরতালবিরোধী ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার জেলায় চারজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে দেড় শ ব্যক্তি। এ নিয়ে দুই দিনের হরতালে নয়জন নিহত হলেন।
দ্বিতীয় দিনে জামালপুরের ইসলামপুরে যুবলীগের কর্মী, চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচালক, কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুবদলের নেতা ও চাঁদপুরে ছাত্রদলের কর্মী নিহত হন। রেললাইনে নাশকতায় লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী ট্রেন, হামলা হয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও সংবাদপত্রের গাড়িতে। রাজধানী ঢাকার শতাধিক স্থানসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকায় ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার থেকে শুরু হওয়া এ হরতাল আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হচ্ছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের ইসলামপুর উপজেলা সদরের রামভদ্রা বাজারে গতকাল সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। আওয়ামী লীগও পাল্টা মিছিল বের করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হরতাল-সমর্থকদের বল্লমের আঘাতে যুবলীগের কর্মী শাহাজাদা সরকার (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি রামভদ্রা গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, যুবলীগের কর্মী শাহাজাদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাক লক্ষ্য করে ইট ছুড়ে মারে হরতাল-সমর্থকেরা। এতে ট্রাকটির চালক মোহাম্মদ ওয়াসিম (৩৫) চোখ ও মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়লে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই ওয়াসিম মারা যান। গুরুতর আহত হন চালকের দুই সহকারী মোহাম্মদ আলম (২৪) ও মোহাম্মদ হোসেন (৩২)। ওয়াসিমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহজী বাড়িতে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় ওয়াসিমের ছোট ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডে সকালে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে হরতাল-সমর্থকেরা। পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের একটি শেল উপজেলা যুবদলের সদস্য নেতা হাসেন আলীর গায়ে লাগে। গুরুতর অবস্থায় তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান।
অবশ্য কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার সাহা দাবি করেন, হাসেন হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
এদিকে বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ১২০ জন আহত হন। গুলিবিদ্ধ হন অন্তত ২৪ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকালে বাজিতপুর বাজার এলাকায় মিছিল বের করে বিএনপি। এ সময় সিনেমা হল সড়কে হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ। বিএনপির মিছিল ওই সড়কে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত ব্যক্তিদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল এলাকায় সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ৩০-৩৫টি ককটেল ফাটায়।
দুপুর সাড়ে ১২টার দিকে পুরানবাজারের ট্রাকঘাট রাস্তায় আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট ছাত্রদলের কর্মী মো. আরজুর (১৪) গায়ে বিদ্ধ হয়। সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সদর হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, রাবার বুলেট বিদ্ধ হয়ে আরজু মারা গেছে। গুরুতর আহত মো. হাকিম আলীকে (২২) ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ নিহত আরজুকে ছাত্রদলের কর্মী দাবি করে জানান, পুলিশের এলোপাতাড়ি গুলিতে আরজু মারা গেছে। তবে পুরানবাজার রিফিউজি কলোনির বাসিন্দা আরজুর মা ফরিদা বেগম বলেন, তাঁর ছেলে কোনো দল করত না। আরজুর বাবা মকবুল ঢালী জানান, আরজু সুতার ফ্যাক্টরিতে কাজ করত।
চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীন সৈকত বলেন, পুলিশ রাবার বুলেট ছুড়েছে, কিন্তু গুলি করেনি। পিকেটিংকালে শহরের বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করা হয়েছে। আরজুর বাবা চাঁদপুর মডেল থানায় অজ্ঞাত ৩০০-৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
হাজীগঞ্জে চাঁদপুর-লাকসাম রেলপথে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। পরে স্থানীয় ও রেলওয়ের লোকজন আগুন নেভান।
রাজধানীর শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর শতাধিক স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে কয়েকটি যানবাহনেও। হরতালে নাশকতার অভিযোগে পুলিশ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববারও রাজধানীতে অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গতকাল হরতালের সমর্থনে রাস্তায় বড় মিছিল-সমাবেশ বা অন্য কোনো কর্মসূচি প্রায় ছিলই না। তবে ভোর থেকেই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরিত হয়। পান্থপথ, মিরপুর, শ্যামলী, বাসাবো, খিলক্ষেত, রমনা, তেজগাঁও, বংশাল, জজকোর্ট এলাকা, এর পাশে জেলা প্রশাসকের এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়সহ শতাধিক স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রাত পৌনে ১০টার দিকে সুরক্ষিত বিমানবন্দরের কার পার্কিং এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে আটটার দিকে বাংলামোটর মোড়ে মো. জিকরুল (৪০) নামে এক রিকশাচালকের ওপর ককটেল বিস্ফোরিত হলে তিনি আহত হন। রাত সাড়ে আটটার দিকে মালিবাগের ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন দোকানকর্মী মনোয়ার হোসেন (২৫)।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাসভবনের দেয়ালে, ফটকে বা সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে রাত আটটায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গুলশানের বাসার সামনে, সন্ধ্যায় জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদের বাসার সামনে, দুদকের চেয়ারম্যান বদিউজ্জামানের বাসার দেয়ালে এবং সাংবাদিক আবেদ খানের বাসার কাছে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামের শান্তিনগরের বাসায় রাত সাড়ে নয়টার দিকে হামলা ও গুলি বর্ষণ করা হয়। পুলিশ জানায়, চারটি মোটরসাইকেলে আসা কালো কাপড়ে মুখ বাঁধা ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়। বিএনপি নেতা মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এবং রাতে ফার্মগেটে পুলিশ বক্সেও ককটেল হামলার খবর পাওয়া গেছে।
রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীরা রাস্তায় ছিলেন। কয়েকটি এলাকায় বিএনপি-সমর্থিত ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলেও তাঁদের সম্মিলিত বাধায় পারেননি।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, চারজনকে বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, লক্ষ্মীবাজারে সন্ধ্যা ছয়টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিল বাহাদুরশাহ পার্ক এলাকায় যাওয়ার সময় পুলিশ তাদের উদ্দেশে গুলি করে। পরে শিবিরের কর্মীরা ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
বিকেল সাড়ে তিনটার দিকে জজকোর্ট এলাকায় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-সমর্থকেরা। সকাল সাড়ে ১০টার দিকে রায়সাহেব বাজার এলাকায় ককটেল বিস্ফোরণে আবদুর রহমান নামের এক রংমিস্ত্রির বাঁ চোখ নষ্ট হয়ে গেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন। একই সময়ে ওয়ারীতে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দুই পথচারী আহত হন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগে মিনিবাসে ও নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুরের কালশী রোডের ২২ তলা ভবনের সামনে হরতাল-সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
রাজধানীর বিভিন্ন জায়গায় হরতালবিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। ব্যক্তিগত গাড়ি তেমন দেখা যায়নি। কিছু বাস ও অটোরিকশা চলেছে। রিকশা চলেছে প্রচুর। তবে যানবাহনের অভাবে বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি হয়েছে।
দিনভর বিভিন্ন জায়গায় পুলিশের প্রচুর তল্লাশি চৌকি ছিল।