কৃত্রিম শ্বাসযন্ত্রটি পিপি শব্দ করে জানান দিচ্ছে, এখনো বেঁচে আছেন আবুল কাশেম। দেড় দিন ধরেই এমন চলছে। চিকিৎসকেরা কোনো আশার বাণীও শোনাচ্ছেন না। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সারা শরীরে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন ফারুক হোসেন।গত রোববার হরতাল চলাকালে অফিসে যাওয়ার পথে হরতাল-সমর্থকদের ছোড়া ইট মাথায় লাগলে গুরুতর আহত হন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাশেম। আর হরতালের আগের রাতে গাড়িতে আগুন দিলে অগ্নিদগ্ধ হন মোটর মেকানিক ফারুক। গতকাল আবুল কাশেমের স্বজনেরা প্রথম আলোকে জানান, রোববার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর মাথায় দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাঁকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার আগে তাঁরা তাঁর অবস্থা নিয়ে কোনো মন্তব্য করবেন না। সকালে কৃত্রিম শ্বাসযন্ত্র খোলার চেষ্টা করা হবে। এরপর তাঁর অবস্থা বোঝা যাবে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি মোটর মেকানিক ফারুক হোসেনের (৩২) অবস্থা আশঙ্কাজনক। হরতালের আগের (শনিবার) রাতে মগবাজারে একটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ফারুক ও সুমন অগ্নিদগ্ধ হন। তাঁরা দুজন গাড়িটি সারিয়ে মিরপুর থেকে ধোলাইখালে নিয়ে যাচ্ছিলেন। মগবাজারে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, আগুনে ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। আরেকজন অগ্নিদগ্ধ সুমনের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে। তিনি মোটামুটি সুস্থ।গতকাল বার্ন ইউনিটে ফারুক ও সুমনকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এর আগে গত রোববার রাতে স্কয়ার হাসপাতালে আবুল কাশেমকে দেখতে যান গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ফারুক ও সুমনের চিকিৎসা-ব্যয় সরকার বহন করবে বলে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন। প্রতিবাদ-বিক্ষোভ: আবুল কাশেম আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। গতকাল পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এক জরুরি সভায় সংগঠনটির পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।