হরতালে আহতরা চরম দুরবস্থায়

আইয়ুব আলী জানেন না, ঠিক কী কারণে হরতাল ডাকা হয়েছে। কিন্তু তাঁর কোনো উপায় ছিল না। গাড়ি না চালালে যে সংসার চলবে না। তাই গাড়িসহ পুড়তে হয়েছে তাঁকে।
হরতালে কাজে যাওয়া ছাড়া উপায় থাকে না দিন এনে দিন খাওয়া মানুষগুলোর। তাঁদের ওপরই পড়ছে হরতালের আগুন আর ককটেল। পরিবারের প্রধান রোজগেরে লোকগুলো আহত হওয়ায় একদিকে কাজ বন্ধ, আয় বন্ধ, অন্যদিকে চিকিৎসা খরচ। সব মিলিয়ে শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক কষ্টও তাঁদের কুরে কুরে খাচ্ছে।
তাঁদের একজন সিএনজিচালিত অটোরিকশাচালক আইয়ুব আলী (৪১)। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ছুড়ে দেওয়া পেট্রলবোমায় ঝলসে যায় তাঁর বুকের নিচ থেকে তলপেট ও বাঁ পা। পুড়ে যায় মুখমণ্ডলও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

গতকাল বিকেলে বার্ন ইউনিটের চতুর্থ তলার মেঝেতে চিকিৎসাধীন অবস্থায় কথা হয় তাঁর সঙ্গে। বুকের নিচ থেকে ব্যান্ডেজ। মুখমণ্ডলে মলম লাগানো।
আইয়ুব বলেন, ‘দুই-তিনটা পোলা থামার সিগন্যাল দিলো। আমি মনে করছি, রুগি নিয়া যাইতাছে। আমি থামলাম। দেহি পিছনে পেট্রল ঢালতাছে। আমি দিলাম জোরে টান। ওই সময়ই একটা বোম মারলো, গাড়িতে আগুন ধইরা গেলো।’
পাশে থাকা তাঁর স্ত্রী পারুলী বেগম বলেন, প্রতিদিন আট শ টাকা জমার ভিত্তিতে সপ্তাহে পাঁচ দিন গাড়ি চালান আইয়ুব। সেই টাকাতেই চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ওষুধ, পথ্য, যাতায়াত আর মুঠোফোনের খরচ মিলিয়ে হাতে টান পড়েছে। নন্দীপাড়ার টিনশেড বাসার ভাড়া, ছেলে-মেয়েদের খরচ, চিকিৎসা খরচ—সব মিলিয়ে চোখে অন্ধকার দেখছেন পারুলী।
হরতালকারীদের ছুড়ে মারা ককটেলে রংমিস্ত্রি আবদুর রহমান (৪৫) বাঁ চোখ হারিয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। গতকাল সন্ধ্যায় গিয়ে দেখা যায়, বাঁ চোখে ব্যান্ডেজ নিয়ে শুয়ে ফুঁপিয়ে কাঁদছেন রহমান। শার্টে রক্ত লেগে আছে। পাশে বসা মেজো মেয়ে জান্নাতুল ফেরদৌস বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।


রহমানের সহকর্মী জালাল হোসেন বলেন, তাঁরা একসঙ্গে রংমিস্ত্রির কাজ করেন। প্রতিদিনের মতো কাজের খোঁজে গতকালও এসেছিলেন রায়সাহেব বাজার মোড়ে। ৫০-৬০ জন দিনমজুর দাঁড়িয়ে ছিলেন। তাঁরা কয়েকজন বসে ছিলেন। হঠাৎই পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয় রহমানের পাশে। সঙ্গে সঙ্গে রহমানের বাঁ চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়।আহত শ্রমিকের ভাই রফিকুল বলেন, রহমান দিনের রোজগারের জন্যই বের হয়েছিলেন। এখন চিকিৎসকেরা বলছেন, তাঁর অস্ত্রোপচার করতে হবে। যদিও বেশির ভাগ ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। কিন্তু অস্ত্রোপচারের কিছু উপকরণ বাইরে থেকে কিনতে হবে। সেটিই তাঁরা এখন জোগাতে পারছেন না।রহমানের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে দুটির বিয়ে হয়েছে। স্কুলপড়ুয়া ছোট ছেলে ও স্ত্রী পটুয়াখালীর দশমিনায় গ্রামের বাড়িতে থাকেন। রহমান থাকেন জিঞ্জিরায়, মেসে।গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরে বেড়িবাঁধে পোশাক কারখানার কর্মী বহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করা হলে নাসিমা বেগম নামের একজন পোশাককর্মী দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নাসিমার শরীরের ৪০ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁকে এখন নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে।নাসিমা জানান, সম্প্রতি তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি বড় বোন রহিমার সঙ্গে রায়েরবাজার এলাকায় থাকা শুরু করেন। কাজ নেন মোহাম্মদপুরের নিউ ডেল্টা অ্যাপারেলস কারখানায়। প্রতিদিন কারখানার বাসে যাতায়াত করতেন। শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় যাওয়ার সময় তিনি বাসের ডান দিকে মাঝামাঝি জানালার পাশের আসনে বসে ছিলেন। কিছুক্ষণ চলার পরই হঠাৎ জানালা দিয়ে কেউ পেট্রল ছুড়ে মারে। পাশ থেকেই কেউ একজন ছুড়ে মারে দেশলাইয়ের জ্বলন্ত কাঠি। সরে যাওয়ার আগেই জ্বলে ওঠে আগুন। সহকর্মীরা এসে আগুন নেভানোর আগেই পুড়ে যান নাসিমা। এখন শারীরিক যন্ত্রণার পাশাপাশি রয়েছে টাকাপয়সার টানাটানিও। বোন-দুলাভাইয়ের সংসারে তাঁকে নিজেরটা নিজেই জোগাতে হয়েছে। এখন কীভাবে চিকিৎসা হবে, কোত্থেকে খাওয়া-থাকার খরচ আসবে, তা তিনি জানেন না।