হরতালে ঈশ্বরদীতে ৭০০ চাতাল বন্ধ
কয়েক দিনের হরতালে পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ৭০০ চাতালে চাল উৎপাদন বন্ধ হয়ে গেছে। ঈশ্বরদীর মোকামে বাইরে থেকে পাইকাররা আসতে না পারায় চালও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধান-চালের মোকামের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একই কারণে চাতালের প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা জানান, এক দিনের হরতালের কারণে চাতালগুলোতে উৎপাদন বন্ধ থাকায় তাদের কোটি টাকা লোকসান গুনতে হয়। এ ছাড়া এই মোকামে কর্মরত প্রায় ২০ হাজার চাতাল শ্রমিকদেরও দৈনিক হাজিরার টাকা বন্ধ রাখা হয়।ঈশ্বরদীর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম বলেন, উত্তরবঙ্গের বড় এই চালের মোকাম থেকে গড়ে প্রতিদিন চার কোটি টাকা লেনদেন হয়। প্রতিদিন কমপক্ষে ১০০ ট্রাক চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পাঠনো হয়। গত কয়েক দিনের হরতালের কারণে এ মোকামে চাল বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।চাতালের শ্রমিকেরা জানান, তাঁরা এখানে প্রতিদিন বিভিন্ন চালকল বা চাতালে দৈনিক মজুরিতে কাজ করে থাকেন। কিন্তু হরতালের ঘোষণা এলে তাঁদের সেই কাজ বন্ধ থাকে এবং হাজিরার টাকা আর দেওয়া হয় না। এতে পরিবারের সদস্যদের নিয়ে তাঁদের অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হয়।