চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ
হরতালে উপস্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ চিকিৎসক অনুপস্থিত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সাতজন চিকিৎসক গতকাল রোববার হরতালের কারণে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসাসেবা ছাড়াই বাড়ি চলে যেতে হয়েছে। এদিকে অফিসে না আসার কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফার সঙ্গে গাইনি চিকিৎসক সেলিনা বেগম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালের সূত্র জানায়, গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ছয়জন চিকিৎসক কর্মস্থলে না এলে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন বেলা ১১টার সময় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) সেলিনা বেগম ও মেডিকেল অফিসার কাজী তাসলিমা, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু বিভাগের চিকিৎসক বিলকিছ পারভীন ও ফাতেমা শিরিন কর্মস্থলে অনুপস্থিত। ফলে বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে শিশু ও গর্ভবতীসহ রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু হাসপাতালে চিকিৎসক না আসায় দুপুরের দিকে রোগীরা চিকিৎসা ছাড়াই বাড়ি ফিরে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাইজাদী, চৈতনকান্দা, সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে দেখতে পান, ওই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও শারমিন জামান খান, হেলেনা আক্তার ও স্নিগ্ধা কর্মকার অনুপস্থিত। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফাকে জানান। চিকিৎসা নিতে আসা গাইনি রোগী রাবেয়া জানান, তিনি সকাল নয়টার দিকে হাসপাতালে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসকের অপেক্ষায় দুপুর পর্যন্ত হাসপাতালের বারান্দায় বসে থেকে বাড়ি ফিরে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘আকস্মিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে দেখতে পান, গাইনি বিভাগসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক অনুপস্থিত। এ সময় অনেক রোগী চিকিৎসা না পেয়ে হইচই করতে থাকেন। ইউএনও অনুপস্থিত গাইনি চিকিৎসক সেলিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এতে সেলিনা বেগম ক্ষুব্ধ হয়ে পরে আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন, আমি কেন তাঁর নম্বর দিলাম। কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’ এ ব্যাপারে সেলিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হরতালের জন্য অফিসে আসতে পারিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সঠিক নয়।’ আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন জানান, আকস্মিক পরিদর্শনে গিয়ে কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাধারণ মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। এ ব্যাপারে একটি প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হচ্ছে।