চট্টগ্রাম আদালতে ২৬ বছর পর বেশ কয়েকজন বিচারক প্রথমবারের মতো হরতালে এজলাসে বসলেও তাঁদের বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। একপর্যায়ে শুনানি না করেই বিচারকেরা এজলাসকক্ষ ত্যাগ করেন। তবে বিচারকেরা এজলাসে বসলেও সরকারি কৌঁসুলি ছাড়া অন্য কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত ছিলেন না।
বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মো. আবদুস সাত্তার বলেন, চট্টগ্রাম বারের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ বছর ধরে হরতালে আইনজীবীরা শুনানিতে অংশ নেন না। আজ (রোববার) হরতাল থাকায় শুনানিতে কোনো আইনজীবী অংশ নেননি। এজলাসে বিচারকেরা বসেছেন খবর পেয়ে আইনজীবীরা ছুটে যান। অনুরোধ জানালে বিচারকেরা এজলাস ছেড়ে যান।
তবে টানা হরতালে শুনানি না হওয়ায় বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আওয়ামীপন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন।
আইনজীবীরা জানান, নতুন আদালত ভবনের তৃতীয় তলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান গতকাল সকাল সোয়া ১০টায় এজলাসে বসেন। তিনি কয়েকটি মামলার শুনানির নতুন তারিখ ধার্য করে আদেশ দেন। এজলাসে দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী ছাড়া অন্য কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ১০ মিনিট পর বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসকক্ষের বাইরে বিক্ষোভ করতে থাকেন। পরে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী এজলাসে গিয়ে হরতালে শুনানি না করতে অনুরোধ করলে বিচারক এজলাস ত্যাগ করেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, নতুন আদালত ভবনের চতুর্থ তলায় সকাল সোয়া ১০টার দিকে এজলাসে বসেন জেলা ও দায়রা জজ এস এম নুরুল হুদা। তিনি কয়েকটি মামলার নথি দেখেন। কিছুক্ষণের মধ্যে আইনজীবীরা এজলাসের বাইরে বিক্ষোভ শুরু করলে বিচারক এজলাস ত্যাগ করেন।
আইনজীবীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে এজলাসে বসেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মশিউর রহমান ও মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী। কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তাঁরা এজলাস ত্যাগ করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহান এজলাসে বসে কয়েকটি মামলার নথি দেখেন। এ সময় বিএনপিপন্থী কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী হরতালে মামলার শুনানি না করতে অনুরোধ করলে বিচারক এজলাস ছেড়ে যান। তিনি জানান, আরও কয়েকজন বিচারক বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের কারণে এজলাস ছেড়ে যান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, চট্টগ্রাম মহানগর এবং জেলা ও দায়রা জজসহ বেশ কয়েকজন বিচারক এজলাসে বসেছিলেন। শুনানি করতে সরকারি কৌঁসুলিরাও উপস্থিত ছিলেন। এ সময় কিছু আইনজীবী গিয়ে বিচারকদের হরতালে মামলার শুনানি না করতে বারের সিদ্ধান্তের কথা জানান। পরে বিচারকেরা এজলাস থেকে নেমে যান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, ২৬ বছর আগের সিদ্ধান্ত অনুযায়ী হরতালে আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন কি না, এ নিয়ে দফায় দফায় মতবিনিময় করা হচ্ছে। কাল মঙ্গলবারও সভার দিন ধার্য রয়েছে। সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।