হরতালে ওদেরও ছন্দপতন
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকার বাসিন্দা ওরা। মাজার প্রাঙ্গণে চলে ডানা ঝাপটানি। এগুলো হচ্ছে কবুতর। সিলেটে ‘জালালি কইতর’ বলে ডাকা হয়। এগুলোর বিচরণ ও খাদ্য সংগ্রহের জন্য মাজারের প্রধান ফটকের এক পাশে বেড়া দিয়ে রাখা হয়েছে। সেখানে মাজারভক্তরা ফেলেন খাদ্যসামগ্রী। দল বেঁধে খায় ওরা। কিন্তু হরতালে এখানকার দৃশ্য পাল্টে যায়। ভক্ত-দর্শনার্থী নেই তো এদের ওড়াউড়িও নেই—এ রকম এক ছন্দপতন দেখা যায়।
সিলেটে জালালি কবুতর বংশপরম্পরায় প্রায় ৭০০ বছরের বাসিন্দা।
ঐতিহাসিক তথ্যের বরাত দিয়ে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আবদুল করিম জানান, সিলেটে আসার পথে হজরত শাহজালাল (রহ.) ১৩০১ সালে দিল্লি পৌঁছান। তখন নিজামুদ্দিন আউলিয়া তাঁর হাতে নীল ও কালো রঙের একজোড়া কবুতর তুলে দেন। হজরত শাহজালাল (রহ.) ১৩০৩ সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট (শ্রীহট্ট) জয় করেন। এরপর তিনি সেই কবুতর জোড়া আকাশে ছেড়ে দেন।
সম্প্রতি ছয় মাসের এক গবেষণায় জালালি কবুতরের বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে চিহ্নিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের প্রভাষক নয়ন ভৌমিক। এই কবুতরগুলোর একটি বিরল স্বভাব হচ্ছে, যত দূরেই যাক না কেন, ঘুরেফিরে আবার শাহজালালের মাজারেই চলে আসে।
নয়ন ভৌমিক জানান, গবেষণায় তিনি দেখতে পেয়েছেন, জালালি কবুতরের স্ত্রী ও পুরুষ যুগলের মধ্যকার বন্ধন অন্য যেকোনো প্রজাতির চেয়ে অনেক দৃঢ়। এরা নিজস্ব প্রজাতির সঙ্গী ছাড়া মিলিত হয় না। এগুলো প্রায় ৭০০ বছরের অধিক কালের বাসিন্দা।
সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে কবুতরগুলো মুক্ত অবস্থায় দেখা যায়, তা ওই যুগলেরই বংশধর।
হরতালে কবুতরগুলো অন্য দিনের তুলনায় খুপরিঘরে চুপটি মেরে থাকে।
মাজারের অন্যতম খাদেম মুজাহিদ হোসেন বলেন, ‘অবস্থা এমন নয় যে হরতাল হলে জালালি কইতর অভুক্ত থাকে। তবে তাদের স্বভাবসিদ্ধ বিচরণ ও ভক্তদের দেওয়া খাদ্য সংগ্রহ থেকে বঞ্চিত হতে হয় বলে কলকাকলিতে ছন্দপতন ঘটে।’