হরতালে কমলগঞ্জে ব্যাংকগুলো অর্থসংকটে
জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকে টানা তিন দিনের হরতালের কারণে অর্থসংকটে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলো। সড়কপথে যানবাহন চলাচল বন্ধ থাকায় আঞ্চলিক কার্যালয়গুলো কমলগঞ্জের ব্যাংকগুলোতে অর্থ পাঠাতে পারেনি বলে এ সংকট হয়েছে।কয়েকটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মৌলভীবাজারের আঞ্চলিক শাখাগুলো প্রতিদিন কমলগঞ্জের ব্যাংক শাখাগুলোতে প্রয়োজনীয় তহবিল (টাকা) পাঠায়। এ তহবিল থেকে গ্রাহকদের টাকা দেওয়া হয়। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিনের হরতাল শুরু হলে কমলগঞ্জের বাণিজ্যিক ব্যাংক শাখাগুলো মৌলভীবাজারের আঞ্চলিক শাখা থেকে টাকা গ্রহণ করতে পারেনি। এ অবস্থায় রোববার থেকে কমলগঞ্জের বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থসংকটে পড়ে।বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ঘুরে দেখা গেছে, গ্রাহকেরা চেক নিয়ে টাকা তুলতে গেলে বড় অঙ্কের টাকার চেক গ্রহণ করা হচ্ছে না। এতে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।