হরতালে করলা ও পটোলের দাম গেছে কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় করলা ও পটোলের দাম মণপ্রতি এক হাজার টাকা কমে গেছে।
হরতালের আগের দিন শনিবার হাটে প্রতি মণ করলা এক হাজার ৪০০ টাকা ও পটোল এক হাজার ২০০ টাকা মণ দরে পাইকারি বিক্রি হয়েছে। অথচ গতকাল প্রতি মণ করলা ৪০০ ও পটোল মাত্র ৩৫০ টাকায় পাইকারি বিক্রি হয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক কৃষক ক্ষোভে করলা ও পটোল হাটের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে দেন।
পাইকারি ব্যবসায়ীরা জানান, হরতালের কারণে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে গতকাল হরতালের দিনে অন্যান্য দিনের চেয়ে হাটে করলা ও পটোল আমদানি বেশি হয়েছে। তাই বাজারে দাম অনেক কমে গেছে।
গতকাল সকালে উপজেলার কলেজ হাটে গিয়ে দেখা গেছে, করলা ও পটোল বহনকারী ভ্যানের দীর্ঘ সারি। হাটে নির্ধারিত কাঁচা তরকারির শেড এবং খোলা মাঠটি করলা ও পটোলে ভরে গেছে। অন্যান্য দিনের চেয়ে হাটে প্রচুর করলা ও পটোল আমদানি হয়েছে। হরতালের কারণে পাইকারদের অনীহা থাকায় কৃষকেরা তাঁদের পণ্য কম দামে বিক্রি করছেন। এ নিয়ে কৃষকেরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
কৃষকেরা জানান, হরতালের আগের দিন শনিবার হাটে তাঁরা প্রতি মণ করলা এক হাজার ৪০০ টাকা ও পটোল এক হাজার ২০০ টাকা দরে বিক্রি করেন। এখন তাঁরা এক হাজার টাকা কম দরে বিক্রি করে দিচ্ছেন।
ভানুরকান্দা গ্রামের কৃষক শাহিনুর রহমান বলেন, তিনি ভোরে ২০ মণ করলা নিয়ে হাটে এসেছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর বেলা ১১টার দিকে প্রতি মণ করলা মাত্র ৪০০ টাকা দরে বিক্রি করে দেন। হরিসারা গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, ‘মোরা কম দামে করলা বেচমু না বলে দুপুর পর্যন্ত হাটত ছিনু। মোরকে করলা আর কেউ লিল না। তাই মনের দুক্কে হাটত দেড় মণ করলা ছিটে দিছু। হরতাল আলারাই মোরকে করলা খাক।’
পাশের বদলগাছী উপজেলার গোবরচাঁপা গ্রাম থেকে আসা কৃষক খোরশেদ আলম বলেন, তিনি আগের দিন শনিবার হাটে এক মণ পটোল এক হাজার ২০০ টাকায় বিক্রি করেন। গতকাল তিনি মাত্র ৩৫০ টাকা দরে বিক্রি করেছেন।
কলেজ হাটের সবজির পাইকারি ব্যবসায়ী আবদুল বারী ও রুবেল হোসেন বলেন, দেশে টানা তিন দিনের হরতালের কারণে এখান থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাইরে কোথাও যাচ্ছে না। এ ছাড়া অন্যান্য দিনের চেয়ে গতকাল হরতালের দিনে হাটে প্রচুর করলা ও পটোল আমদানি হয়েছে। তাই দাম কমে গেছে। তার পরও ব্যবসায়ীরা লোকসানের বোঝা মাথায় নিয়ে করলা ও পটোল কিনেছেন।