হরতালে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের
‘পাঁচজনের সংসার চলে এই ঝালমুড়ি বেইচ্যা। বিক্রিবাট্টা ভালো অইলে ২০০ থেকে ৩০০ টাকা লাভ থাহে। কোনো রহমে ডাইল-ভাত খাওন যায়। কিন্তু হরতালের লেইগ্যা গাড়ি চলাচল বন্ধ, যাত্রীও নাই। তাই বেচাকেনাও বন্ধ। কিন্তু পেট তো মানে না।’
গত সোমবার দুপুরে পাটুরিয়া ঘাটে কথাগুলো বলছিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের আবদুর রাজ্জাক। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষ ওই নৌপথ দিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের প্রভাব পড়েছে এই এলাকার দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ওপর। শিক্ষার্থীরাও পড়েছে ভোগান্তিতে। হরতালের কারণে সরকার পাটুরিয়া ফেরি খাত থেকে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি)।
ঘাটে কর্মরত লোকজন জানান, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পণ্য বিক্রি করে সহস্রাধিক ব্যক্তির সংসার চলে। কেউ ঝালমুড়ি, সেদ্ধ ডিম, বিভিন্ন ধরনের পানীয় আবার কেউ চা-বিস্কুট ফেরি করে বিক্রি করেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় মুদি দোকান, ফলমূলের দোকান ও খাবারের হোটেল বন্ধ। ফেরিতে অ্যাম্বুলেন্স ও দু-একটি জরুরি পণ্যবাহী যানবাহন ছিল। যাত্রী পারাপারের কোনো লঞ্চ ছিল না। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে নদী পার হচ্ছিল।
লঞ্চঘাটে দায়িত্বরত রিপন হোসেন বলেন, হরতালের মধ্যে যাত্রী নেই। নাশকতার আশঙ্কায় লঞ্চগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ৩ নম্বর ঘাট এলাকার মুদিদোকানি লুৎফর রহমান বললেন, ‘ধারদেনা করে দোকানে মালামাল উঠাইছি। প্রতিদিন ২০০ টাকা কিস্তি দিতে অয়। তার ওপর তিনজনের সংসার চালাইতে অয়। হরতালের মধ্যে গাড়ি চলাচল না করায় লোকজনও নাই। বেচাবিক্রি না থাকলেও কিস্তির ট্যাহা মাপ নাই।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, প্রতিদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় চার হাজার থেকে সাড়ে চার হাজার যানবাহন পারাপার হয়। এতে সরকারের ৪০ লাখ থেকে ৪৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু হরতালের প্রথম দিনে সাড়ে ছয় শ যানবাহন পারাপার করা হয়েছে। সোমবার পার হয়েছে আরও কম। এতে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।