হরতালে কাজে জাপানি প্রতিষ্ঠানের অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজে অস্বীকৃতি জানিয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কুবুতা ও মারুবিনি কনসোর্টিয়াম। সর্বশেষ হরতালের সময় পিকেটাররা প্রতিষ্ঠানের একটি ক্রেন ভাঙচুর করে। এ কারণে ক্ষুব্ধ হয়ে বিদেশিরা এ সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা হরতালের সময় বিদেশিদের কাজে বাধা না দেওয়ার জন্য বিএনপির নেতাদের অনুরোধ করেছিলাম। বিএনপির নেতারা আমাকে এ ব্যাপারে আশ্বাসও দিয়েছিলেন। এ আশ্বাসের ভিত্তিতে আমিও জাপানিদের অভয় দিয়েছিলাম। কিন্তু পিকেটাররা কোনো কিছু না মেনে পাইপলাইন বসানোর কাজে ব্যবহূত একটি ক্রেন ভাঙচুর করে। এতে জাপানি ঠিকাদারি দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে হরতালে আর কাজ করতে রাজি হচ্ছেন না।’চট্টগ্রাম ওয়াসা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে ব্যয় হচ্ছে এক হাজার ৮০০ কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির পাইপলাইন বসানোর কাজ চলছে। জাপানের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কুবুতা ও মারুবিনি যৌথভাবে এ পাইপলাইন বসানোর কাজ করছে।