হরতালে কোরআন শরিফ নিয়ে বের হওয়া ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় কোরআন শরিফ নিয়ে বের হওয়া ঠিক নয় এবং এ ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর রেজাউল করিম।গতকাল বুধবার দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রেজাউল করিম। এ ছাড়া ইসলাম ভাঙচুরের মতো আচরণেরও স্বীকৃতি দেয় না বলেও তিনি মন্তব্য করেন। এর আগে গত সোমবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে হরতালে বিক্ষোভকারীরা কোরআন শরিফ নিয়ে মিছিল ও পিকিটিংয়ে নামেন। সংগঠনটির আমির মুফতি ফজলুল হক আমিনী তখন বলেছিলেন, হরতালে কোরআন শরিফ নিয়ে বের হওয়ার ফতোয়া তিনি দিয়েছেন।ওই হরতালে ইসলামী আন্দোলন সমর্থন দেয়নি। এ প্রসঙ্গে সংগঠনের প্রধান চরমোনাইয়ের পীর রেজাউল করিম বলেন, ‘ব্যক্তিবিশেষের হরতালকে আমরা সমর্থন করি না। তবে যদি সারা দেশের ওলামায়ে কেরাম হরতালের সিদ্ধান্ত নেন, তাহলে ইসলামী আন্দোলন বিষয়টি বিবেচনা করবে।’ এ ছাড়া ওই হরতালে মাদ্রাসাপড়ুয়া শিশুদেরও রাস্তায় নামানো হয়।হরতালে শিশুদের ব্যবহার করা ঠিক কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গতকাল চরমোনাইয়ের পীর বলেন, ‘আমি হরতালের দিন শিশুদের রাস্তায় নামানো সমর্থন করি না।’ চরমোনাইয়ের পীর বলেন, নারীনীতির ২৯টি ধারা পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।আর শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা উপেক্ষিত ও অবহেলিত। এটি মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আদালতের ফতোয়াবিরোধী রায় নিয়েও সমালোচনা করেন তিনি। সংবাদ সম্মেলনে ‘ইসলাম, দেশ ও মানবতার’ স্বার্থরক্ষায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন। কর্মসূচির মধ্যে রয়েছে ৭ এপ্রিল মুক্তাঙ্গনে জমায়েত ও গণমিছিল, ৮ এপ্রিল দেশব্যাপী গণমিছিল, ১১ এপ্রিল ঢাকায় জাতীয় শিক্ষা সেমিনার, ১২ এপ্রিল মুক্তাঙ্গনে জমায়েত ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং ২ ও ৩ মে ঢাকায় গণ-অবস্থান।সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইউনুস আহমেদ, ঢাকা মহানগরের আমির এ টি এম হেমায়েত উদ্দিনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।