ঘন ঘন হরতালের কবলে পড়ে দেশের অন্যতম কিশোরগঞ্জের ভৈরব পাইকারি কয়লা বিক্রয়কেন্দ্রের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে অনেক ইটভাটার আগুন নিভে যাওয়ার ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের কয়েকটি পাইকারি কয়লা বিক্রয়কেন্দ্রের মধ্যে ভৈরব একটি। ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জের তাহেরপুরের টেকেরঘাট হয়ে নদীপথে ভৈরবে কয়লা আমদানি করা হয়। পাইকারি বিক্রয়কেন্দ্রটি মেঘনা নদীর পাড়ঘেঁষা ভৈরব পুরোনো ফেরিঘাট এলাকায়। বর্তমানে এ কেন্দ্র থেকে বৃহত্তর সিলেট ছাড়া দেশের সব জায়গায় কয়লা সরবরাহ হয়ে থাকে। এর মধ্যে চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এ কেন্দ্রের বড় বাজার। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত ইট পোড়ানোর মৌসুম। ইটভাটা ও রড তৈরির কারখানায় ভৈরব থেকে চলতি মৌসুমে গড়ে প্রতিদিন তিন হাজার টন কয়লা যাচ্ছে। এ কেন্দ্রে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে। ব্যবসায়ীরা জানান, জানুয়ারি থেকে মার্চ মাসের গতকাল পর্যন্ত একাধিক হরতাল সরবরাহব্যবস্থা ভেঙে দিয়েছে। এরই মধ্যে কয়েক শ ভাটার আগুন নিভে গেছে। পরে কয়লা নিয়ে আবার আগুন জ্বালাতে হয়েছে। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে ভাটা মালিকদের। হরতাল চলাকালে গতকাল ভৈরব বিক্রয়কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, কয়লা নিতে আসা দেশের বিভিন্ন স্থানের শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। চালকেরা অলস সময় পার করছেন।রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়ার দোয়েল ব্রিকসের প্রতিনিধি মো. শাহজাহান বলেন, ‘হরতালের কারণে কয়লা নিয়ে যেতে পারছি না। আমাদের ভাটার কয়লা শেষ। আজকের ভেতর নিয়ে যেতে না পারলে আগুন নিভে যাবে। কিন্তু আগামী তিন দিনের মধ্যে কয়লা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’ একই সমস্যার কথা জানালেন যশোরের মনিরামপুর উপজেলার সাবেক কেদারাপাড়া সড়কের মীম ব্রিকসের প্রতিনিধি বাবলু রহমান। কয়লা নিতে আসা নাটোরের কাজল মিয়া ও সিরাজগঞ্জের হাবিবুর রহমান জানান, কয়লাসংকটে তাঁদের এলাকার বেশ কয়েকটি ভাটার আগুন নিভে গেছে। স্থানীয় আরাফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোক্তার হোসেন বলেন, ‘হরতালে আমাদের লাখ লাখ টাকার লেনদেন বন্ধ হয়ে যায়। আর হঠাৎ হরতালে মরণব্যথা অনুভব করেন ইটভাটার মালিকেরা।’ মাউন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উবায়দুল হক বলেন, ইটভাটার মালিকেরা ফোন করে আগুন নিভে যাওয়ার খবর দিচ্ছেন। একবার আগুন নিভলে দ্বিতীয়বার তা জ্বালাতে এক লাখ টাকার বেশি ব্যয় হয়।