হরতালে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতালের কথা শুনলে বুকের ভিতরডায় মোচড় দিয়া ওঠে। কামাই না হলে খামু কী। আর হামি না হয় প্যাটের খিদার কামড় সহ্য করবার পারমো, কিন্তু বাড়ির ছোলগুলান সহ্য করবি কেমনি? দুই দলের জাঁতায় হামরা পাবলিকরা চিড়েচ্যাপটা হয়্যা গেনু।’হরতালের কারণে কাজ না পেয়ে গতকাল বুধবার নিজের দুরবস্থার কথা এভাবেই জানান বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের দিনমজুর আবদুল কাদের। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কিচক বাজারে কাজের খোঁজে এসে বসেছিলেন আবদুল কাদেরসহ অনেক দিনমজুর। কিন্তু কেউই কাজ পাচ্ছিলেন না। দুই দিনব্যাপী হরতালের প্রথম দিন গতকাল উপজেলার বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দিনমজুর মানুষদের বেকার বসে থাকতে দেখা গেছে।গতকাল সকালে উপজেলার আমতলী বাজারে গিয়ে রিকশাচালক তোবারক আলীর সঙ্গে কথা হয়। তিনি জানান, একবার রিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু পিকেটারদের মারমুখী আচরণের কারণে সড়কের পাশে রিকশা নিয়ে বসে আছেন তিনি। তিনি বলেন, ‘রিকশা চালিয়ে সংসার চালাই। বাড়িতে স্ত্রী আর তিন মেয়ে আছে। আয় না হলে না খেয়ে থাকতে হবে।’সিএনজিচালিত অটোরিকশাচালক মোনতাছির রহমান বলেন, ‘আমি ভাড়ায় গাড়ি চালাই। এক দিন গাড়ি না চালালে সংসার চলে না। সেখানেও দুই দিন বসে থাকতে হবে। টানা দুই দিনের হরতালে বড় চিন্তায় আছি। ধারদেনা না করলে পেটে ভাত যাবে না।’শব্দলদীঘি এলাকায় নরসুন্দর আবদুস সামাদ বলেন, ‘হরতালের কথা শুনলেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দোকান খুলতে পারি না। বসে থাকতে হয়। হাত না হয় চুপ থাকে কিন্তু পেট তো আর চুপ থাকে না।’সবজি ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম জানান, হরতালে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকে। কারণ, গাড়ি চলাচল বন্ধ থাকে বলে কৃষকেরা সবজি বাজারে নিয়ে আসতে পারেন না। তাই হরতাল হলে তহবিল (জমানো টাকা) ভেঙে খেতে হয়।পত্রিকা-বিক্রেতা জিয়াউর রহমান জানান, আগে হরতাল হলে পত্রিকা আসত। এখন পত্রিকা আসতেও বাধা দিচ্ছে। অনেকে বাসের মধ্যে পত্রিকা বিক্রি করে জীবন চালান। হরতালে তো আর বাস চলবে না। কাজেই কামাই বন্ধ। তাই হরতালের কথা শুনলেই মাথায় হাত পড়ে। চা-বিক্রেতা আয়নুল হোসেন বলেন, ‘ফুটপাতের ওপর বসে ব্যবসা করি। হরতালে তো মানুষ তেমন বের হয় না। চা বিক্রি হয় না বললেই চলে। আমরা রাজনীতি বুঝি না। আমরা শুধু কাজ করে দুবেলা দুমুঠো খেতে চাই। দয়া করে হরতাল ডেকে আমাদের পেটে লাথি মারবেন না।’মুদি দোকানদার আফজাল হোসেন বলেন, ‘রাজনীতি নাকি মানুষের জন্য। তাহলে মানুষকে কষ্ট দেয় কেন রাজনীতি? হরতাল দিলে আমরা কাজ করতে পারি না। আর কাজ করতে না পারলে খাবার জোটে না। যারা হরতাল ডাকে তারা কি বিষয়টি জানে না?’