হরতালে খেতেই পড়ে থাকছে সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালের কারণে যশোর অঞ্চলের পাইকারি সবজির মোকাম বারী নগর থেকে সবজি ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো যাচ্ছে না। ফলে কৃষকের সবজি খেতেই পড়ে থাকছে। এতে খুচরা বাজারে সবজির দাম বাড়লেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
বারী নগর বাজারের ইজারাদার ফরিদুল ইসলাম জানান, এখন শীতকালীন সবজির ভর মৌসুম। সপ্তাহের পাঁচ দিন এখানে পাইকারি সবজির হাট বসে। প্রতিদিন এই হাট থেকে অন্তত ৪০ ট্রাক সবজি ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানো হয়। তবে সোমবার থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল শুরু হওয়ায় সবজি বাইরে পাঠানো যাচ্ছে না। ঝুঁকি নিয়ে রাতের আঁধারে তিন-চার ট্রাকে সবজি পাঠানো হচ্ছে। এর পরও ট্রাকে ইট ছোড়া হচ্ছে। তিনি আরও বলেন, সবজির হাট সব সময় হরতালের আওতামুক্ত থাকে। কিন্তু, সাম্প্রতিক হরতালে উল্টো ঘটনা ঘটছে।
গতকাল মঙ্গলবার বারী নগর বাজার ঘুরে দেখা যায়, শিম ৩৫ থেকে ৩৮ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ এবং মুলা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে পাইকারি বেচাকেনা হয়েছে। কৃষক হাসান আলী বলেন, ‘হরতাল শুরুর আগের দিন প্রতিটি সবজি কেজিতে অন্তত পাঁচ টাকা বেশি দরে বিক্রি করেছি। এখন মোকামে বাইরের ব্যাপারী না আসায় কৃষক সবজির ন্যায্য দাম পাচ্ছেন না।’ তিনি বলেন, এ মোকামের সবজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। হরতালের প্রথম দিন কৃষকের সবজিবোঝাই ভ্যান হরতালকারীরা ফিরিয়ে দিয়েছে। ফলে হরতালের দ্বিতীয় দিনে কৃষক খেত থেকে সবজি তুলতে সাহস পাননি।
সবজির ব্যাপারী আবু তালেব বলেন, ‘সোমবার রাতে এক ট্রাক সবজি পাঠিয়েছিলাম। ঝিনাইদহের কালীগঞ্জ পার হওয়ার পর ইট মেরে ট্রাকের সামনের কাচ ভেঙে দেওয়া হয়। ফলে এখন কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও ট্রাক পাওয়া যাচ্ছে না।’
কৃষি বিভাগের সূত্র জানায়, যশোর জেলায় মোট সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। যশোরের মানুষের চাহিদা মিটিয়ে বছরে প্রায় আড়াই লাখ মেট্রিক টন সবজি দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হয়।