বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও ইসলামী ছাত্রশিবিরের ডাকা গতকাল মঙ্গলবারের হরতালে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফেনীতে ককটেল বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত হয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফেনী: ফেনীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে জিসান (১০) নামের একটি শিশু গুরুতর আহত হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তি কোম্পানি সড়কের নজির আহম্মদের বাড়ির সামনে কয়েকটি শিশু খেলছিল। এ সময় সেখানে শিশুরা একটি ককটেল কুড়িয়ে পায়। নাড়াচাড়া করার সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই বাসার ভাড়াটে নুরুল করিমের ছেলে জিসান গুরুতর আহত হয়। তার হাত, মুখমণ্ডল ও বুকের বেশ কিছু অংশ ঝলসে গেছে। ছেলের পাশে বসে তার মা চানধন কাঁদতে কাঁদতে বলেন, ‘হরতালের কারণে স্কুল বন্ধ ছিল। এ জন্য ছেলেটা স্কুলে না যাইয়া খেলতে গেছিল। হঠাত্ কানফাটা আওয়াজ আর চিত্কার। ঘর থেকে বাইর হই দেখি, আমার ছেলে জিসান রক্তে ভাসি যায়। স্কুল খোলা থাকলে তো বোমায় আহত হইত না।’চট্টগ্রাম: বেলা সাড়ে ১১টার দিকে নগরের বহদ্দারহাটে যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দিয়েছে যাত্রীবেশী পিকেটাররা। পরে বাস থেকে নেমে পালানোর সময় জনতা শিবিরের এক কর্মীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। সাভার: সোমবার রাতে শিবিরের নেতা-কর্মীরা সাভারের গেন্ডা ও শিমুলতলী এলাকায় দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এসব ঘটনায় পুলিশ চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।নারায়ণগঞ্জ: সকাল সাড়ে সাতটার দিকে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে তিনজন আহত হয়। ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাট: জয়পুরহাটে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ময়মনসিংহ: ময়মনসিংহ শহর বাইপাস রোডের কেওয়াটখালীতে একটি মালবোঝাই ট্রাকে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খুলনা: সকাল সাতটায় নগরের শিরোমণির মীরবাড়ি এলাকায় ঝটিকা মিছিল বের করে সড়ক অবরোধ এবং তিনটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করেছেন শিবিরের নেতা-কর্মীরা। বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটের গোডাউন মোড়ে সকালে জামায়াতে ইসলামীর পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের ১১ জন আহত হন। জামায়াতের সমর্থকেরা সড়কে দুটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ২৮টি শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া: সদর উপজেলার এরুলিয়া হাট এলাকায় গতকাল রাত ১০টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় পেট্রলভর্তি কনটেইনারসহ পাঁচজনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। বরিশাল: হরতালের সমর্থনে সোমবার বিকেলে মিছিল শেষে যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালায় বিএনপির সমর্থকেরা। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ পাঁচজন আহত হয়। পুলিশ বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। সিলেট: হরতালে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় সকালে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়িতে হামলার চেষ্টা করেছেন শিবিরের কর্মীরা। এ সময় বিজিবি ও শিবিরের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে বিজিবি কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে শিবিরের কর্মীরা পালিয়ে যান।রাজশাহী ও রংপুরে আজ আবার হরতাল: ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। তবে এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। নাশকতার আশঙ্কায় পুলিশ গতকাল ভোরে রংপুর শহরের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে শিবিরের ২২ কর্মীকে গ্রেপ্তার করেছে।