হরতালে গরিবের পেটে টান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতার অপেক্ষায় বসে আছেন এই পান বিক্রেতা, ছবিটি কেরানীগঞ্জ থেকে মনিরুল আলমের তোলা
ক্রেতার অপেক্ষায় বসে আছেন এই পান বিক্রেতা, ছবিটি কেরানীগঞ্জ থেকে মনিরুল আলমের তোলা

আজ থেকে চার দিনের টানা হরতাল শুরু হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী-পেশার মানুষ। রাজধানীর নিম্নবিত্তের মানুষ বলছেন, টানা হরতালের মতো কর্মসূচির কারণে তাঁদের পেটে টান পড়েছে। আর মধ্যবিত্তদেরও হাঁসফাঁস অবস্থা।

হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও চলছে, চলছে পুলিশি তত্পরতাও। আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে গাজীপুরের মনিরকে, অগ্নিদগ্ধ সিএনজিচালক মুসারও প্রাণ গেছে। তবু জীবনের প্রয়োজনে রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁদেরই একজন সুনীল। দক্ষিণ বনশ্রী মসজিদ মার্কেটের সামনে তিনি জুতো পালিশ করেন। প্রতিদিন তাঁর ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার ছিল। হরতালে রোজগার ৮০ থেকে ১০০ টাকা। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘দাদা, সকাল থেকে বসে আছি। কোনো কাজকাম নাই। হরতালের কারণে কেউ বাসা থেকে বের হচ্ছে না। চার ছেলেমেয়ে নিয়ে ছয়জনের সংসার। চাল কেনার টাকাই জোগাড় করতে পারছি না।’

একই অবস্থা দিনমজুর নূরুল হকের। গত এক মাসে কাজ জুটেছে আট দিন। তবু পঞ্চাশোর্ধ এই মানুষটি প্রতিদিনের মতো আজও ভোরের আলো ফুটতে না ফুটতেই মিরপুরের সেনপাড়ার শ্রমিক মার্কেটের সামনে হাজির। মনে শঙ্কা, দিনের পর দিন বেকার, বাড়ছে দেনা। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন নূরুল হক, একটাই স্বপ্ন—সন্তানেরা উচ্চশিক্ষিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো রাজনৈতিক দলকে কাছে পান না তিনি। প্রথম আলো ডটকমকে নূরুল বলেন, ‘কাজ না পাইলেও উজিরপুরে বউ, তিন বাচ্চার খরচ জোগাড় করতে হইব। আমার দুই ছেলে এইচএসসি, মেয়ে জেএসসি দেতেয়াছে। বড় মেয়ে রিমু ম্যাট্রিক ও ইন্টারে এ প্লাস পাইছিল। টাকার অভাবে না পড়াইয়া বিয়া দিসি। এমন হরতাল হইল্যে মনে হয় অন্য পোলাপানগো পড়াইতে পারুম না।’

শুধু যে সমাজের নিচু তলার মানুষ ভুগছেন তা-ই নয়, ভুগছেন অন্যরাও। মধুর ক্যানটিন চালান শহীদ মধুসূদন দের ছেলে অরুণ দে। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ২২ বছর ধরে মধুর ক্যানটিনে রসগোল্লা সরবরাহ করে পটুয়াখালীর নন্দিনী সুইটস। হরতারের কারণে মিষ্টি আসছে না ঢাকায়। পটুয়াখালীর প্রত্যন্ত গ্রাম থেকে যে গোয়ালারা প্রতিদিন শহরে দুধ নিয়ে আসেন, তাঁরা আসতে পারছেন না, অবিক্রীত থেকে যাচ্ছে দুধ। নিদারুণ কষ্টে পড়েছেন তাঁরা।

ভুগছেন মধ্যবিত্তরাও। উত্তরা থেকে মতিঝিলে অফিস করেন একটি বেসরকারি ব্যাংকের চাকুরে আশফাক-উজ-জামান। তিনি জানান, হরতালে প্রতিদিন তাঁর খরচ ৭০০-৮০০ টাকা। সীমিত আয়ের সংসার তাঁর। তিনি বলেন, ‘যাতায়াতের পেছনেই যদি এত টাকা খরচ হয়ে যায়, তাহলে সংসার চালাব কীভাবে?’ বাসে কেন যাতায়াত করেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরই সহকর্মী উত্তরায় পিকেটারদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন।

এদিকে রিকশা ও সিএনজিচালকদের বক্তব্য, আর দশটা সাধারণ দিনে যে সংখ্যক মানুষ ঘর ছেড়ে বেরোয়, হরতালে সে সংখ্যক মানুষ বেরোয় না। ফলে ক্ষতি পোষাতে তাঁরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেন।