হরতালে গাড়ি ভাঙচুরের অভিযোগে উজিরপুর ও কালিয়াকৈরে মামলা
বরিশালের উজিরপুরে গত মঙ্গলবার বিএনপির ডাকা হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে গতকাল বুধবার বিএনপির ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে উজিরপুর থানায় তিনটি মামলা করেছে পুলিশ। আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে বাস ভাঙচুরের ঘটনায় চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। উপজেলার গুঠিয়ায় গাড়ি ভাঙচুরের অভিযোগে উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মান্নান মাস্টারসহ ১৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথায় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুরের অভিযোগে এসআই স্বপন কুমার উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ ২৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। উপজেলার বড়াকোঠার নতুনহাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে মিছিল করার ঘটনায় এসআই হাবিবুর রহমান ১৭ জনকে আসামি করে অপর একটি মামলা করেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা এলাকায় মঙ্গলবার হরতাল চলাকালে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের অভিযোগে বাসের চালক আবদুল কাদের কালিয়াকৈর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।পুলিশ সূত্র জানায়, হরতালের দিন সকালে কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিয়াকৈর থেকে গাজীপুর যাওয়ার পথে উপজেলার খাড়াজোরা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়িটি ভাঙচুর করেন। এ সময় তাঁদের হামলায় গাড়ির চালক আবদুল কাদের, চালকের সহকারী বাদশা ও অজ্ঞাতপরিচয়ের দুই যাত্রী আহত হয়। এ ঘটনায় রাজু আহাম্মেদ (২৫), আরিফ হোসেন (৩০), ইলিয়াস মিয়া (৩৫), আফজাল হোসেন (৩২), মামুন হোসেন (২৫), মমিন হোসেনসহ (৩০) ১০-১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কালিয়াকৈর থানায় মামলা করেন বাসের চালক আবদুল কাদের। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।