হরতালে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে আমদানি-রপ্তানি পণ্য
টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল রোববার চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো ব্যাহত হয়েছে। বিশেষ করে বন্দরে ট্রাক ঢুকতে না পারায় জাহাজ থেকে খাদ্যশস্য খালাস হয়েছে অস্বাভাবিক কম। এ ছাড়া বন্দর থেকে বাইরে পণ্য আনা-নেওয়া হয়নি। তবে পুলিশ পাহারায় জরুরি রপ্তানিযোগ্য কিছু পণ্য কারখানা থেকে বেসরকারি কনটেইনার ডিপোতে পরিবহন হয়েছে। গতকাল রাতে পুলিশ পাহারায় ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পরিবহন হয়।বন্দরের হিসাবে দেখা গেছে, স্বাভাবিক সময়ে বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী সাড়ে তিন থেকে চার হাজারের বেশি কনটেইনার ওঠানো-নামানো হয়। গত শনিবারও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী তিন হাজার ৪৪০টি কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। স্বাভাবিক সময়ে বন্দর থেকে এক থেকে দুই হাজার কনটেইনার ডেলিভারি হয়। কিছু কনটেইনার রেলপথে ঢাকার কমলাপুর আইসিডিতে নেওয়া হয়। হরতালের কারণে এ স্বাভাবিক ওঠানো-নামানো ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।বিজিএমইএ সূত্রে জানা গেছে, গতকাল ১৫টি প্রতিষ্ঠান কারখানা থেকে বেসরকারি ডিপোতে রপ্তানি পণ্য পরিবহনের উদ্যোগ নেয়। এসব প্রতিষ্ঠান পুলিশ পাহারায় রপ্তানি পণ্য কারখানা থেকে ডিপোতে নিতে বিজিএমইএর তদারকি সেলের কাছে আবেদন করে।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ পাহারায় সীতাকুণ্ড থেকে দুটি চালান কালুরঘাটে একটি বেসরকারি ডিপোতে নেওয়া হয়েছে। শুধু জরুরি রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।উপপুলিশ কমিশনার (বন্দর) কুসুম দেওয়ান বলেন, কারখানা থেকে ডিপো এবং ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়া হচ্ছে। গতকাল রাতে ডিপো থেকে বন্দরে পণ্য পরিবহনে সহায়তা দিতে পুলিশের একাধিক ভ্রাম্যমাণ দলও প্রস্তুত রাখা হয়েছে।রপ্তানি পণ্য এখন কারখানা থেকে বেসরকারি কনটেইনার ডিপোতে নেওয়া হয়। এরপর ডিপোতে কনটেইনারে বোঝাই করে এবং দালিলিক কাজ শেষ করে বন্দরে নেওয়া হয়। এরপর জাহাজে বোঝাই করে রপ্তানি করা হয়।গতকাল বন্দরের তালিকা থেকে জানা গেছে, জেটিতে খাদ্যশস্যবাহী জাহাজ আছে পাঁচটি। এর মধ্যে চালবাহী জাহাজ আছে তিনটি। খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, এই তিনটি জাহাজ থেকে প্রায় ৭০০ টন চাল খালাস হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে তিনটি জাহাজ থেকে দিনে গড়ে চার হাজার টন চাল খালাস হয়। এ তিনটি ছাড়াও গম ও চিনিবাহী দুটি জাহাজ থেকে স্বাভাবিকের চেয়ে কম খাদ্যশস্য খালাস হয়েছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ পাহারায় পণ্য আনা-নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জেটির ভেতর পণ্য ওঠানো-নামানোর কাজ চলছে। বন্দর জেটি, মুরিং ও বহির্নোঙরে ৫৫টি জাহাজে কাজ হয়েছে।