হরতালে চাঁদা দিয়ে চলে গাড়ি
রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে হরতালের দিন অটোরিকশা, ভটভটি ও নছিমনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।অটোরিকশার চালকেরা অভিযোগ করেন, কাটাখালী হয়ে রাজশাহী নগরে ঢুকতে হলে বা নগরের বাইরে যেতে হলে চাঁদা না দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ভটভটি ও অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ জন্য কোনো রসিদ দেওয়া হচ্ছে না। বাইরের গাড়ি হলে তাদের কাছে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে। আবার পুঠিয়া বা দুর্গাপুর উপজেলা থেকে আসা যানবাহনকে সরাসরি শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কাটাখালীতে তাদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কাটাখালীতে ঢোকার কারণেই তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।রবিউল নামে পবা উপজেলার একজন অটোরিকশাচালক বলেন, চাঁদা দিতে অস্বীকার করলে বা কম দিতে চাইলে আদায়কারীরা খুব ঝামেলা করছে। তারা গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই। গতকাল সোমবার বিকেলে কাটাখালীতে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, পাঁচ-ছয়জন তরুণ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছেন। কেন এই টাকা আদায় করছেন, জানতে চাইলে রানা নামের এক তরুণ বলেন, তাঁরা অটোরিকশাচালক সমিতির সদস্য। হরতালের দিনে যে চাঁদা ওঠে সেটা তাঁরা কর্মচারীরা নিচ্ছেন। স্থানীয় অটোরিকশাচালক সমিতির সভাপতি রেজাউল করিম বলেন, হরতালের দিনে তাঁরা সমিতির পক্ষ থেকে কোনো চাঁদা আদায় করেন না। নগরের মতিহার থানার ওসি অশিত কুমার ঘোষ বলেন, সকালেও তিনি কাটাখালীর দিকে গিয়েছিলেন, এ রকম দেখেননি। কেউ তাঁর কাছে এমন অভিযোগও করেননি।