হরতালে চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ডাকে রাজশাহী বিভাগের তিন জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।  জেলাগুলো হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর।

শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আটক দুই নেতার মুক্তির দাবিতে সংগঠনটি হরতালের এই ডাক দেয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি ট্রাক ভাঙচুরের খবর পাওয়া গেছে। অন্য দুই জেলা থেকে অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সোয়া নয়টার দিকে পিকেটাররা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিটিআইসংলগ্ন এলাকায় পাঁচটি ট্রাক ভাঙচুর করে। সকাল সোয়া সাতটার দিকে শহরের বড় ইন্দারা মোড় থেকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হুজরাপুরে গিয়ে শেষ হয়।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। হরতালে শহরের বিভিন্ন বিপণিকেন্দ্রের বড় বড় দোকান বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

নাটোর প্রতিনিধি জানান, সকাল ছয়টার দিকে শহরের হরিশপুর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রশিবির। পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। শহরে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে ট্রাক ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।