হরতালের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম থেকে দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে এখানে মজুত করা প্রায় ৫০ হাজার টন চাল নিয়ে বিপাকে পড়েছে গুদাম কর্তৃপক্ষ। নানা কারণে সরবরাহ করতে না পারায় নয় মাস ধরে গুদামে থাকা পুরোনো ৪৫ হাজার ৪৩১ টন বোরো চাল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গুদামে ২০১২ সালে বোরো মৌসুমে সংগ্রহ করা ৪৫ হাজার ৪৩১ টন, ২০১৩ সালে আমন মৌসুমে সংগ্রহ করা চার হাজার ৮৯১ টন ও ৫৮ মেট্রিক টন আতপ চাল রয়েছে।খাদ্যগুদামের ব্যবস্থাপক অমরেন্দ্রনাথ সরকার জানান, বর্তমানে এ গুদামে ধারণক্ষমতা ৬০ হাজার টন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পুরোনো বোরো চাল। দু-এক মাসের মধ্যে সরবরাহ করা না গেলে বোরো চালের গুণগত মান নষ্ট হয়ে যাবে। হরতাল না থাকলে মজুত করা চালের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হতো। কিন্তু অব্যাহত হরতাল এবং হরতাল না থাকলেও রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে পরিবহনের মালিক ও ঠিকাদারেরা চাল পরিবহনে রাজি হচ্ছেন না।আগামী ১ মে থেকে নতুন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হবে। ওই সময়ের আগে যদি পুরোনো চাল সরবরাহ করা না যায়, তাহলে নষ্ট হতে পারে বিপুল পরিমাণ চাল।উপজেলা খাদ্য কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, যথাসময়ে গুদামে মজুত থাকা এই বিপুল পরিমাণ চাল খালাস করা না গেলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামের শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন বলেন, হরতালের কারণে চাল সরবরাহ বন্ধ থাকায় গুদামে কর্মরত কয়েক শ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।