বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দেশের কোথাও বড় কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। গণপরিবহন চলাচল ও জনজীবন ছিল প্রায় স্বাভাবিক।
১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ডাক দেয় জামায়াত।
হরতালে রাজধানী ঢাকা ছিল একেবারেই স্বাভাবিক। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। সড়কগুলোতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম।
হরতালের সমর্থনে গতকাল সকালে রাজধানীর মগবাজারে জামায়াত এবং খিলগাঁও, জুরাইন, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় মিছিল হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকেই নগরের বিভিন্ন রাস্তায় যানজট লেগে যায়। দুপুরের পরে অনেক জায়গায় যানজট তীব্র আকার ধারণ করে।
অ্যাম্বুলেন্স ভাঙচুর: জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সকালে একজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। রোগীকে রেখে অ্যাম্বুলেন্সটি আবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার পথে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি বাজার মোড়ে সকাল পৌনে ১০টায় জামায়াত-শিবিরের কর্মীরা এটিতে ভাঙচুর চালান। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক জেকের আলী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশকে লক্ষ্য করে বোমা: রাজশাহী নগরের ওদাপাড়া এলাকায় রাস্তায় সকালে হরতালের সমর্থনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা। সকাল নয়টার দিকে তাঁরা বিক্ষোভ করেন ডিঙ্গাডোবা এলাকায়। এ সময় রাজপাড়া থানার পুলিশ সেখানে পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করেন। রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম জানান, হাতবোমাটি পুলিশের গাড়ির সামনে বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
পাঁচ পিকেটারকে কারাদণ্ড: চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ষোলঘরসহ বিভিন্ন স্থানে ভোরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিবিরের কর্মীরা।
এদিকে জেলার শাহরাস্তি থানার ওসি মোজামেঞ্চল হক জানান, হরতাল চলাকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের মাওতা বাড়ি এলাকায় পিকেটিং করছিলেন জামায়াত-শিবিরের কর্মীরা।
এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আলম। সাজাপ্রাপ্তরা হলেন তাহমিদুল ইসলাম, ওমর ফারুক, কাউসার আলম, মাহমুদুল মামুন ও ইমরান হোসেন।
ককটেল হামলা: সিলেট নগরের খাসদবির এলাকায় সকাল আটটার দিকে একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। শাহি ঈদগাহ এলাকায় ফাটানো হয় একটি ককটেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পালিয়ে যায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকা, রাজশাহী ও সিলেটের নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট ও চাঁদপুর প্রতিনিধি]