হরতালে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও আগুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং রায় না দেওয়ার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে গতকাল মঙ্গলবার সারা দেশে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রামে ছয়জন, নোয়াখালীতে একজন ও লোহাগাড়ায় দুজন গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশসহ শতাধিক ব্যক্তি। এ সময় সারা দেশে অন্তত ২০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: দিনভর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। দুপুরে নগরের অলংকার মোড় ও মুরাদপুরে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের অন্তত ১৬ জন সদস্য আহত হন। দুপুরে মুরাদপুর এলাকায় পুলিশের ওপর অতর্কিত গুলি ছোড়েন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য গুলিবিদ্ধ হন।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, পশ্চিম) তোফায়েল আহমেদ বলেন, পুলিশ প্রায় ১৫০টি গুলি ছোড়ে। হরতাল চলাকালে কমপক্ষে ১৫টি ট্রাক, ১০টি বাস, পাঁচটি টেম্পো ও একটি পুলিশ ভ্যান ভাঙচুর করা হয়। একটি পুলিশ ভ্যান, একটি টেম্পো, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুরাদপুর এলাকায় পাঁচটি টংদোকানও জ্বালিয়ে দেওয়া হয়। সীতাকুণ্ডে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় একটি ট্রাকেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। মিরসরাইয়ে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।পটিয়ায় সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় শ্রীমাই ব্রিজ এলাকা থেকে শিবিরের দুই সমর্থককে গ্রেপ্তার করা হয়। মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১৭টি গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে চুনতি পুলিশ ফাঁড়ির গাড়িচালক কনস্টেবল জয়নাল আবেদীন আহত হন। এ ঘটনায় শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।নোয়াখালী: সকাল আটটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাটের করালিয়া এলাকায় ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শিবিরের কর্মী হেলাল উদ্দিন (২৫) গুলিবিদ্ধ হন। জামায়াত পরিচালিত কোম্পানীগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্রলীগের কর্মীরা।হরতালের আগে জেলায় জামায়াত-শিবিরের ১৮ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিলেট: পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কয়েক দফা সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের শতাধিক গুলি, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। জামায়াত-শিবিরও কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) এজাজ আহমদ জানান, ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে মিছিল করার সময় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।লক্ষ্মীপুর: জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ, গাছের গুঁড়ি ফেলা এবং ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাতক্ষীরা: সকাল আটটার দিকে শহরের বাঁকাল কোল্ড স্টোরেজ মোড়ে পুলিশের পিকআপে হামলা চালায় পিকেটাররা। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান, কনস্টেবল আমিনুল ইসলাম, বদরউদ্দিন ও শামীম আহত হন। বিকেলে জামায়াত-শিবির শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার: সকাল সাতটার দিকে শিবিরের নেতা-কর্মীরা শহরের বাজারঘাটা, টেকপাড়া, তারাবনিয়ারছড়া, লিংক রোডে আটটি যানবাহনে ভাঙচুর চালান। খরুলিয়া, কালুর দোকান, ফজল মার্কেটসহ কয়েকটি স্থানে চোরাগোপ্তা হামলা করেন তাঁরা। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার জানান, এসব ঘটনায় জামায়াত-শিবিরের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রাজশাহী: দুপুরে রাজশাহীর পুঠিয়ায় হরতালকারীরা রেললাইনের কাঠের স্লিপারে আগুন ধরিয়ে দেয় এবং ট্রেনে ককটেল ছোড়ে। একই সময়ে রাজশাহী নগরে তারা পুলিশের ওপর বোমা হামলা ও গাড়ি ভাঙচুর করে। সকালেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। দিনভর সংঘর্ষে ২৫ জন আহত হয়। সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চায়নিজ কুড়াল, পাইপ, লাঠি ও হাতে ইট নিয়ে মিছিল বের করেন। টিকতে না পেরে পুলিশ পিছু হটে বিনোদপুর বাজারের দিকে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ব্যবহূত দুটি হিউম্যান হলার ভাঙচুর করেন এবং আরও একটিতে আগুন ধরিয়ে দেন। পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দিয়ে শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।চাঁদপুর: জেলা শহরের বিভিন্ন স্থানে ট্রাক ও পাঁচটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।সিরাজগঞ্জ: বেলা সাড়ে তিনটার দিকে শহরের ফজলুল হক সড়কের গোশালা এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ চারটি রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়।অন্যান্য স্থানে হরতাল: সাভারে চোরাগোপ্তা হামলা চালিয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জামায়াতের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। নেত্রকোনা সদর উপজেলায় ১৫টি বাস ভাঙচুর এবং একটিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। জেলার পূর্বধলা উপজেলায় জামায়াতের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়।শেরপুরে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের দুই নেতাকে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্বাস আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির। এতে নবাবগঞ্জ থানার ওসি, পুলিশের তিন সদস্য ও পাঁচজন কর্মী আহত হন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শাহাব আলী ওরফে আশরাফ (৪০) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জে জামায়াতের জেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে জামায়াত-শিবিরের কর্মীদের নেতৃত্বে একটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। এ ঘটনায় রবিউল আলম নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় জামাত-শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের দুই কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।