হরতালে ঝুট ব্যবসা স্থবির
টানা হরতালে অন্যান্য ব্যবসার মতো ঝুট ব্যবসাতেও স্থবিরতা নেমে এসেছে। গত এক মাসে টঙ্গীতে ঝুট প্রক্রিয়াকারী বহু ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। যাঁরা টিকে আছেন, তাঁরা একদিকে ভালো দাম পাচ্ছেন না, অন্যদিকে অবিক্রীত ঝুট গুদাম বা খোলা আকাশের নিচে ফেলে রেখে ক্ষতির শিকার হচ্ছেন।
টঙ্গীর ঝুট প্রক্রিয়াকরণ এলাকা মিলগেট, শিল্পাঞ্চল ও বিসিক শিল্পাঞ্চলে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
স্থানীয় ঝুট ব্যবসায়ীরা জানান, শিল্পাঞ্চলে তাঁদের প্রায় এক এক হাজার ২০০ ঝুট প্রক্রিয়াকরণ গুদাম রয়েছে। প্রতিটি গুদামে পাঁচ থেকে ৩০ জন শ্রমিক কাজ করেন।
শিল্পাঞ্চলের ন্যাশনাল টিউবসের পাশের রাস্তায় ব্যবসায়ী মো. দিদারের সঙ্গে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কথা হয়। তিনি জানান, গত কয়েক মাসে হরতালের কারণে বিক্রি না হওয়ায় অনেক ঝুট মজুত হয়েছে। এখন তা গুদামের বাইরে খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। প্রক্রিয়াজাত করা ঝুট বিক্রি করতে না পেরে গত তিন মাসে তাঁর সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরেক ব্যবসায়ী রুবেল জানান, হরতালের কারণে ঝুট রপ্তানি কমে গেছে। বিদেশি ক্রেতাদের কাছে যে পরিমাণ ঝুটের দাম ৪৫ টাকা, দেশের বাজারে তা ছয় টাকা। তিনি আরও জানান, তাঁর জানামতে আর্থিক ক্ষতির কারণে গত ছয় মাসে আ. সামাদ, খোকন, কালাম, শাহ আলমসহ এলাকার ২৫ থেকে ৩০ জন ব্যবসা বন্ধ করে দিয়েছেন।
ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, পোশাক কারখানাগুলোতে হরতালের মধ্যেও উৎপাদন চলছে। ব্যবসা ধরে রাখতে তাঁরাও ঝুট কিনতে বাধ্য হচ্ছেন। কিন্তু বিক্রি করতে না পারায় বিপাকে পড়ছেন।
কথা হয় পাবনা থেকে আসা পাইকারি ক্রেতা মো. সোহেলের সঙ্গে। তিনি জানান, এ দফার হরতালের দুই দিন আগে দুজন শ্রমিককে নিয়ে ঝুট কিনতে এসেছিলেন। কেনার পরও ভাড়ায় ট্রাক না পেয়ে হরতাল শেষের অপেক্ষায় আছেন। এ কদিনে তিনজনের থাকা-খাওয়া বাবদ তাঁর অন্তত ১৫ হাজার টাকা খরচ হয়েছে।