হরতালের কারণে সোনালী ব্যাংকের বরগুনার পাথরঘাটা শাখায় নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়েছেন ওই শাখার গ্রাহকেরা। ব্যাংক থেকে টাকা না পেয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য ব্যবসায়ীরা মাছ ধরার ট্রলার ঘাটে নোঙর করে রাখতে বাধ্য হয়েছেন।
সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. রত্তন আলী বলেন, এই শাখায় ৪০ লাখ টাকার অনুমোদিত ভল্ট রয়েছে; যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। প্রতিদিন গড়ে এই শাখায় টাকার চাহিদা রয়েছে এক কোটি ৫০ লাখ থেকে পৌনে দুই কোটি টাকা; যা অনুমোদিত ভল্টের চার থেকে পাঁচ গুণ বেশি।
সূত্র জানায়, প্রায় প্রতিদিনই ব্যাংকের বরগুনার কোর্ট বিল্ডিং শাখা থেকে টাকা এই শাখায় নিয়ে আসতে হয়। বিষখালী নদী পার হয়ে পুলিশি পাহারায় কমপক্ষে ২৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ওই টাকা আনা-নেওয়ার কাজ করতে হয়। হরতালের কারণে পুলিশ ব্যস্ত থাকায় টাকা আনা-নেওয়ার কাজ বন্ধ থাকে। তাই হরতালের সময় পাথরঘাটা শাখায় টাকার সংকট থাকে। এ সময় গ্রাহকেরা প্রয়োজনীয় টাকা তুলতে পারেন না। পাথরঘাটা শাখার একাধিক কর্মকর্তা বলেন, হরতালের সময় বরগুনার কোর্ট বিল্ডিং শাখা থেকে টাকা আনা-নেওয়ার কাজে পুলিশি পাহারা পাওয়া গেলে এ সংকট দূর করা সম্ভব।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মোস্তফা কামাল আলম, কামরুল হুদা, শহিদ মোল্লাসহ বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী অভিযোগ করে বলেন, চার দিন ধরে নগদ টাকার সমস্যায় ভোগান্তিতে রয়েছেন। জেলেরাসহ পাওনাদারেরা তাঁদের প্রয়োজনীয় টাকা চাইছেন। কিন্তু ব্যাংক ব্যবসায়ীদের টাকা দিচ্ছে না। হরতালের কারণে আগামীকালও (আজ) ব্যাংক টাকা দিতে পারবে না।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সোনালী ব্যাংক থেকে যথাসময়ে টাকা না পাওয়ায় অন্তত অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার সাগরে যাওয়ার অপেক্ষায় ঘাটে নোঙর করে রয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের বরগুনার কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, হরতালের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।