হরতালে ঢাকায় ২৭ জনকে কারাদণ্ড
ধর্মভিত্তিক ও সমমনা ১২ দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রোববার রাজধানী ঢাকায় ২৭ জনকে সাত থেকে ১৫ দিন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুরের চেষ্টা, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে এই দণ্ড দেওয়া হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।পুলিশ জানায়, সকালে গাবতলী থেকে ১৫ জনকে আটক করে দারুসসালাম থানার পুলিশ। পরে তাঁদের থানায় রাখা হয়। দারুসসালাম থানার পুলিশ জানায়, ওই ১৫ জন চরমোনাই পীরের সমর্থক। তাঁরা গাবতলীতে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করেছিলেন। বিকেলে তাঁদের ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।হরতাল আহ্বানকারীদের একটি মিছিল বেলা ১১টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে বের হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে। পরে তাঁদের ১৫ দিনের করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া যাত্রাবাড়ী থানার পুলিশের হাতে আটক তিনজনকে সাত দিন, শ্যামপুর থানার পুলিশের হাতে আটক তিনজনকে ১৫ দিন ও চারজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।