হরতালে তরমুজচাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হরতালের কারণে কক্সবাজারের টেকনাফের তরমুজচাষিরা বিপাকে পড়েছেন। দেশের বিভিন্ন স্থানে তরমুজ সরবরাহ করতে না পারায় তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার পাঁচ শতাধিক চাষি এক হাজার ৪২৩ একর জমিতে তরমুজের চাষ করেছেন। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ২০০ একরের বেশি জমিতে তরমুজ চাষ করা হয়। চাষিরা জানান, বিভিন্ন ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাছ থেকে ঋণ নিয়ে তাঁরা চলতি মৌসুমে আগেভাগে তরমুজ চাষ শুরু করেন। এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। তাঁরা দামও পাচ্ছিলেন বেশ ভালো। কিন্তু একের পর এক হরতালের কারণে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে না পারায় স্থানীয় ব্যবসায়ীরা তরমুজ কিনতে চাইছেন না। পাশাপাশি চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যবসায়ীরাও আসতে পারছেন না।চাষিরা বলেন, গরম মৌসুম শুরু হওয়ায় মাঠে দ্রুত তরমুজ পেকে যাচ্ছে। অথচ ক্রেতা পাওয়া যাচ্ছে না। ক্রেতাসংকটের কারণে জমিতেই তরমুজ পেকে পচন ধরছে। এতে তাঁরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি এ রকম থাকলে জমি বিক্রি করে তাঁদের ঋণ পরিশোধ করতে হবে। স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম ও ফজলুল হক বলেন, অন্যান্য বছর এ সময়ে প্রতিদিন টেকনাফ থেকে ১০-১২টি ট্রাকবোঝাই তরমুজ চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। কিন্তু এবার হরতালে তরমুজ সরবরাহ পুরোপুরি বন্ধ। তাঁরা জানান, পাঁচ হাজার তরমুজ কিনে মজুত করেছেন। কিন্তু হরতালের কারণে অন্যত্র পাঠাতে পারছেন না। এরই মধ্যে তরমুজ নষ্ট হতে শুরু করেছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, খেত থেকে তরমুজ কাটার পর বেশি দিন রাখা যায় না এবং সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চাষিদের চরম ক্ষতি হচ্ছে। উৎপাদিত ফসল সরবরাহ করতে না পারলে চাষিদের লোকসান গুনতে হবে।