
মেলার প্রথম সপ্তাহের বৃহস্পতিবার নিয়ে প্রকাশকদের আগ্রহটা বেশিই থাকে। অভিজ্ঞতা বলছে, ১ ফেব্রুয়ারিতে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা পরের সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার পুরোদমে জমে ওঠে। কিন্তু বৃহস্পতিবার হরতাল ডাকা হয়েছে বলে আগের দিন অনেক প্রকাশকের মনে মেঘ জমেছিল। আশঙ্কা ছিল, হরতালে হয়তো মেলায় লোকজন কম হবে। কিন্তু মেঘের আড়ালে সূর্যটাই হেসেছে। গতকাল সন্ধ্যা ঘনিয়ে আসতেই মেলায় মানুষের ভিড় দেখে প্রকাশকদের মুখে হাসি ফুটেছে। প্রকাশ পেয়েছে নতুন বই। নজরুল মঞ্চে ছিল বইয়ের মোড়ক উন্মোচনের জমজমাট আয়োজন। এককথায়, হরতালে এতটুকু তাল কাটেনি মেলার।
গতকাল উদ্যানের বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রি মোটামুটি ভালো। আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে আটটায় অমর একুশে উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। একাডেমি চত্বরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
আসছে নতুন বই, বাড়ছে বিক্রি
কলকাতা থেকে কুমিল্লায় বেড়াতে এসেছেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর উপস্থিতিতে শান্ত মফস্বলের আবহাওয়া উত্তাল হয়ে উঠল। তার ঢেউ এসে লাগল মুন্সিবাড়ির মেয়ে নার্গিসের মনেও। বিয়ে হলো নজরুল-নার্গিসের। কিন্তু বিয়ের রাত ফুরোনোর আগেই দয়িতাকে ছেড়ে গিয়েছিলেন কবি। কেন? পাঠককে সেই রহস্যের সামনে দাঁড় করাবে বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস নার্গিস। প্রথমা প্রকাশন বইটি মেলায় এনেছে। গবেষকের নিষ্ঠা ও ঐতিহাসিকের সততা নিয়ে লেখক এ উপন্যাসে একটি মানবিক সম্পর্ককে উন্মোচন করেছেন। বইটির চাহিদা প্রচুর। প্রথমার স্টলের বিক্রয় প্রতিনিধি জানালেন, নতুন অন্য বইয়ের মধ্যে উৎপল শুভ্রর শচীন রূপকথা, হরিশংকর জলদাসের আমি মৃণালিনী নই, আনিসুল হকের আমারও একটা প্রেমকাহিনি আছে, আব্দুল কাইয়ুমের গণিতের জাদু ভালো বিক্রি হয়েছে।
মেলায় গতকাল এসেছে পল্লব মোহাইমেনের প্রযুক্তিবিষয়ক রম্য বই সচিত্র ডিজিটাল ব্যঙ্গ অভিধান। সন্ধ্যায় নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, কথাসাহিত্যিক আনিসুল হক, সাংবাদিক উৎপল শুভ্র, মুনির হাসান, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম প্রমুখ। বইটি প্রকাশ করেছে শুভ্র প্রকাশ। সাংবাদিক-কবি নওশাদ জামিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ কফিনে কাঠগোলাপ বইটি প্রকাশনা সংস্থা ঐহিত্যর সামনেই অনানুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন লেখক ও তাঁর বন্ধুরা। একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের দেওয়া তথ্যমতে, গতকাল মেলায় এসেছে ৯৭টি নতুন বই। এর মধ্যে অনুপম প্রকাশনী এনেছে মোরশেদ শফিউল হাসানের স্বাধীনতার পটভূমি ১৯৬০ দশক, অনন্যা থেকে এসেছে প্রভাষ আমিনের রাজাকারের ফাঁসি সারা বাংলার হাসি, উৎস প্রকাশন এনেছে মো.আবদুল বশিরের জামালপুর সাবসেক্টর মুক্তিযুদ্ধ, পার্ল পাবলিকেশন্স এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর রাষ্ট্র ও সমাজের মাঝখানে ইত্যাদি।
অভিনব ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’
মেলায় মোট তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে বাংলা একাডেমির। বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাডেমির অভিধানগুলোর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। আর এ তালিকায় সম্প্রতি প্রকাশিত বিবর্তনমূলক বাংলা অভিধানটি খুবই গুরুত্বপূর্ণ। এ অভিধানে শব্দের ব্যুৎপত্তি, পদ-পরিচয়, বিভিন্ন সময়ে মূল শব্দের অর্থ যেভাবে পরিবর্তিত হয়েছে, তার বিশদ বিবরণ রয়েছে। সঙ্গে প্রায়োগিক দৃষ্টান্ত। বিবর্তনমূলক বাংলা অভিধানটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন গোলাম মুরশিদ। এ অভিধানের তিন খণ্ডের প্রথম খণ্ডে ভুক্তি ও উপভুক্তি মিলে শব্দ আছে ৪০ হাজার ৮০৪টি আর উদ্ধৃতি আছে ৫৬ হাজার ৬১০টি।
মেলা মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন
বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিনের বিকেলে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ভাষা আন্দোলন এবং আমানুল হকের কীর্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আলোকচিত্রী নাসির আলী মামুন। আলোচনায় অংশ নেন শহিদুল আলম, ফরিদুর রেজা সাগর ও লুৎফর রহমান রিটন। সভাপতিত্ব করেন অধ্যাপক আহসানুল হক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বাক শিল্পাঙ্গন এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আলম দেওয়ান, রুবী আখতার, তারাব আলী দেওয়ান, সুনীল কুমার সরকার প্রমুখ।