হরতালে তাল মেলালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসকের পাঁচজনই গতকাল বুধবার কর্মস্থলে আসেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও কর্মস্থলে না আসায় এলাকার লোকজনকে দুর্ভোগে পড়তে হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকদের ২১টি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। এর মধ্যে ছয়জন চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাস শেষে বেতন নিলেও বিভিন্ন মেডিকেল কলেজে প্রেষণে চাকরি করছেন। কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ছয়জন। গতকাল জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে ফেরদৌস আহছান ও গোলাম আজম নামে দুই চিকিৎসক ছাড়া বাকি পাঁচজনই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদেরও কর্মস্থলে ছিলেন না। ফলে অনেক রোগীকেই চিকিৎসক না পেয়ে বিপাকে পড়তে হয়েছে। ছেলের চিকিৎসার জন্য আসা তাছলিমা আক্তার বলেন, দুই দিন থেকে তাঁর ছেলে অসুস্থ। খাবার খেতে পারছে না। হাসপাতালে এসে দেখেন, শিশু চিকিৎসক নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, ‘যারা অনুপস্থিত, তাঁরা ওপর মহলকে আগে থেকেই ম্যানেজ করেই রেখেছেন।’
আবদুল কাদের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হরতালে গাড়ি না চলার কারণে চিকিৎসকদের কেউ কেউ কর্মস্থলে আসতে পারছেন না বলে আমাকে জানিয়েছেন। আমি দাপ্তরিক কাজে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এসেছি।’ তবে বেলা একটা পর্যন্ত তিনি সিভিল সার্জনের কার্যালয়ে যাননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা বলেন, হরতালের অজুহাত দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।