হরতালে দগ্ধ ট্রাকচালক মারা গেছেন
আর পারলেন না হরতালের আগুনে পোড়া ট্রাকচালক শামসুল হক (৫০)। গতকাল রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত বুধবার হরতালের রাতে বগুড়ার শেরপুরের দশমাইলে চালক শামসুল ও সহকারী মো.
শাহীনকে ভেতরে রেখে ট্রাকে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। মারাত্মক দগ্ধ
শামসুলকে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছিল।
বগুড়ার শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এজাহার-ভুক্ত তিন আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে।
ওই হরতালে সিরাজগঞ্জে অটোরিকশার এক যাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়। পিকেটারদের দেওয়া আগুনে গাজীপুরে এক বাসচালক এবং কুমিল্লার চৌদ্দগ্রামে আরেক ট্রাকচালক দগ্ধ হন।