হরতালে দিনাজপুরে প্রচুর লিচু পচে যাওয়ার আশঙ্কা
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের কারণে দিনাজপুরে প্রচুর লিচু পচে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার এ আশঙ্কা প্রকাশ করে লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা লিচুবাহী যানবাহন হরতালের আওতামুক্ত রাখার দাবি জানান।সাতক্ষীরা শহরের ফল ব্যবসায়ী আমিন উদ্দিন, ঢাকার কারওয়ান বাজারের জমির শেখ, চট্টগ্রামের রহিমসহ বেশ কয়েকজন ব্যবসায়ী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের মতো শতাধিক ব্যবসায়ী দিনাজপুরে অবস্থান করছেন। লিচুর এই ভরা মৌসুমে দিনাজপুর থেকে প্রতিদিন কমপক্ষে ১০ লাখ লিচু ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ব্যবসায়ীরা বলেন, লিচু খুব দ্রুত পচে যায়। পেকে গেলে প্রতিদিন হাজার হাজার লিচু ঝরে পড়ে গাছ থেকে। হরতালের কারণে শনিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর থেকে বাইরের কোনো জেলায় লিচু পাঠানো সম্ভব হবে না। এতে অন্তত ২০ লাখ লিচু পচে যাবে। এ ক্ষতি এড়াতে লিচুবাহী যানবাহন হরতালের আওতামুক্ত রাখা দরকার।বিরল উপজেলার মাধববাটি এলাকার আবদুল হাই, মো. আফতাব উদ্দিন ও শামসুদ্দিন আহমেদ নামের তিন বাগানমালিক বলেন, তাঁদের প্রত্যেকের লিচুগাছের সংখ্যা এক হাজারের বেশি। হরতালের কারণে লিচু বিক্রিতে যেমন সমস্যা হবে, অন্যদিকে লাখ লাখ পাকা লিচু ঝরে যাবে গাছ থেকে। বেশি পেকে গেলে হরতালের পরের দিনও অনেক লিচু পচে যাবে।