হরতালে দুধ কেনা বন্ধ, খামারিদের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা পাবনা ও সিরাজগঞ্জে দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ কেনা কমিয়ে দেওয়ায় এমনিতেই তাঁরা রয়েছেন বিপাকে। এর ওপর হরতালে খামারিদের পথে বসার মতো অবস্থা হয়েছে। কারণ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে না পারায় খামারিদের কাছ থেকে দুধ কেনা হচ্ছে না। পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় লক্ষাধিক খামারির আয়ের একমাত্র উৎস দুধ। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এই অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ দুধ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশি প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে। খামারিদের অভিযোগ, মাস তিনেক আগেও প্রতিষ্ঠানগুলোর কাছে খামারিদের দারুণ কদর ছিল। সে সময় তারা ভালো দাম দিয়ে পর্যাপ্ত দুধ সংগ্রহ করলেও এখন তারা দুধ সংগ্রহের পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। এতে খামারিরা এমনিতেই বেশ কিছুদিন ধরে দুধ নিয়ে বিপাকে রয়েছেন। এর ওপর হরতালে প্রতিষ্ঠানগুলো পরিবহনব্যবস্থা বন্ধ থাকার অজুহাত দেখিয়ে দুধ কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। এতে উৎপাদিত দুধ নিয়ে চরম বিপদে পড়ছেন খামারিরা। খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের কারণে মিল্ক ভিটা গত রোববার দুধ সংগ্রহ বন্ধ রাখে। প্রাণ দুধ শনি ও রোববার স্বাভাবিকের চেয়ে কম দুধ সংগ্রহ করার পর গতকাল সোমবার সারা দিন দুধ সংগ্রহ বন্ধ রাখে। আকিজ মিল্ক (ফার্মফ্রেশ) তিন দিন ধরে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। প্রাণ দুধের এলাকা ব্যবস্থাপক (বেড়া) রফিকুল ইসলাম বলেন, ‘বছরের এই সময়টায় দুধের উৎপাদন বাড়ে, কিন্তু চাহিদা কমে। মাস তিনেক আগে আমরা শুধু বেড়া এলাকা থেকেই প্রতিদিন প্রায় ৬০ হাজার লিটার দুধ সংগ্রহ করতাম। কিন্তু বর্তমানে চাহিদা কমে যাওয়ায় বেড়া ও বাঘাবাড়ী এলাকা মিলিয়ে ৪৫ থেকে ৫০ হাজার লিটার দুধ সংগ্রহ করছি। আর হরতালের কারণে ঢাকায় দুধ পাঠাতে পারছি না বলে আজ দুধ সংগ্রহ বন্ধ রেখেছি।’ আড়ং দুধের (ব্র্যাক) এলাকা ব্যবস্থাপক (বেড়া-শাহজাদপুর) আবুল বাশার বলেন, ‘দুধের চাহিদা এখন অন্যান্য সময়ের চেয়ে কম থাকলেও আমরা দুধ সংগ্রহ তেমন কমাইনি। শুধু হরতালের কারণে রোববার সকালের পালায় আমরা দুধ সংগ্রহ বন্ধ রেখেছিলাম।’ সাঁথিয়ার নাগডেমড়া বাজার, সোনাতলা বাজার; বেড়ার নাকালিয়া, কাজীরহাট বাজারসহ বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি হতে দেখা গেছে। কোনো কোনো স্থানে বিক্রি করতে না পেরে খামারিদের বাজার থেকে দুধ ফিরিয়ে নিতেও দেখা গেছে। সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনাতলা গ্রামের খামারি আবু তালেব বলেন, ‘গরু পালন করে এই এলাকার মানুষ সুখের দেখা পেয়েছিল। অথচ সেই গরু এখন খামারিদের গলার কাঁটা। ৮০০ টাকা বস্তার ভুসি এখন প্রায় এক হাজার ১০০ টাকা, ১৫০ টাকা মণের খড় এখন ২৫০ টাকায় কিনতে হচ্ছে। অথচ দুধের দাম বাড়েনি। এমনিতেই কোম্পানিগুলোর কাছে ৩৬ থেকে ৩৭ টাকা লিটার দরে দুধ বেচে খামারিদের লোকসান গুনতে হচ্ছে। এর ওপর কোম্পানিগুলো প্রায়ই দুধ নেওয়া বন্ধ রাখায় বাজারে সেই দুধ পানির দরে বেচা লাগতেছে।’ দুধ ব্যবসায়ী সোনাতলা গ্রামের ফজলু মিয়া বলেন, ‘কোম্পানি দুধ নেওয়া কুমায়া দেওয়ায় এমনিতেই খামারি আর ব্যবসায়ীগরে লোকসান দেওয়া লাগত্যাছে। তার ওপর হরতালে আমাগরে জেরবার হওয়ার দশা হইছে। আমাগরে দাবি দুগ্ধশিল্পকে তারা হরতালের থ্যা মুক্ত রাখুক।’