হরতালে দুধের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের হরতালের কারণে দেশের অন্যতম দুধ উৎপাদনকারী এলাকা নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় দুধের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দুধ কেনা বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারগুলোয় প্রতি লিটার দুধ ১৮-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।প্রাণ ডেইরির গুরুদাসপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, তারা নাটোরের গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২০টি স্থান থেকে প্রতিদিন ১২ হাজার লিটার দুধ সংগ্রহ করে। তারা গড়ে ৪৮ টাকা লিটার দরে দুধ কেনে। কিন্তু হরতালের কারণে গত রোববার থেকে তারা দুধ কেনা বন্ধ রাখায় দরপতন শুরু হয়েছে। গতকাল সকালে গুরুদাসপুরের চাঁচকৈড় ও কাছিকাটা তাড়াশের ধামাইচ বাজারে গিয়ে দেখা গেছে, শতাধিক কৃষক দুধ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন।ধামাইচ বাজারের এক ক্রেতা জানান, অন্যদিন বাজারে গিয়ে দুধ কেনা যায় না। এখন মাছ না কিনে দুধ কিনে বাড়ি নিয়ে যেতে হচ্ছে। কাছিকাটা এলাকার এক দুধ ব্যবসায়ী জানান, তিনি গ্রামে ঘুরে ঘুরে ৪০-৪৫ টাকা দরে ৪০০ লিটার করে দুধ কিনে প্রাণ ডেইরিকে দেন। এখন হরতালের কারণে প্রাণ ডেইরিতে দুধ সরবরাহ করা যাচ্ছে না। এ কারণে কম দামে খোলাবাজারে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।তাড়াশের বিন্নাবাড়ি গ্রামের কৃষক আবদুল করিম জানান, তিনি ঋণ করে গরুর খামার করেছেন। প্রতিদিন ১০০ লিটার করে দুধ ধামাইচ কেন্দ্রে ৪৮ টাকা লিটার দরে বিক্রি করেন। কিন্তু হরতালের কারণে এখন তিনি খোলাবাজারে ১৮ টাকায় দুধ বিক্রি করছেন। তাঁর মতো কয়েক শ দুগ্ধ উৎপাদকারী কম দামে দুধ বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের অন্যতম দুধ উৎপাদনকারী এলাকা পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় প্রতি লিটার দুধ ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে। হরতালের কারণে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান গরুর দুধ উৎপাদনকারী এলাকা। এ অঞ্চলের লক্ষাধিক খামারে প্রতিদিন প্রায় পাঁচ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। এই দুধ মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করে।একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধ হরতালের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাচ্ছে না। এ কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানই শনিবার বিকেল থেকে দুধ সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে।প্রাণ ডেইরির পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শরিফ উদ্দিন তরফদার বলেন, ‘আমরা প্রতিদিন প্রায় এক লাখ লিটার দুধ সংগ্রহ করি। কিন্তু হরতালের কারণে বাধ্য হয়ে দুধ সংগ্রহ বন্ধ রেখেছি।’ বেড়া ও সাঁথিয়ার খামারি ও দুগ্ধ ব্যবসায়ীদের সংগঠন উদয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি ফজলুল হক বলেন, ‘কোনো কোনো জায়গায় ক্রেতার অভাবে ১৫-২০ টাকা দরেও দুধ বিক্রি করা যাচ্ছে না। আত্মীয়স্বজনদের দিয়েও দুধ শেষ করা যাচ্ছে না।’