হরতালে দুপুর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়া শুরু
হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার দুপুর থেকেই চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া শুরু হয়েছে। প্রথম দিন কনটেইনার বোঝাই ও বন্দর থেকে কনটেইনার সরবরাহ ব্যাহত হয়েছিল। বন্দর সূত্রে জানা গেছে, হরতালের প্রথম দিন গত রোববার ২৪ ঘণ্টায় (সকাল ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা) চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) সরবরাহ কম হয়েছে। স্বাভাবিক সময়ে এক দিনে এক থেকে দেড় হাজার কনটেইনার বন্দর থেকে আমদানিকারকেরা নেন। কনটেইনার সরবরাহ কম হলেও জাহাজ থেকে দুই হাজার ৪৮২টি কনটেইনার খালাস হয়েছে। তবে হরতালের কারণে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বোঝাই হয়েছে কম। বন্দরের হিসাবে ৪৫৯টি কনটেইনার জাহাজে বোঝাই করা হয়েছে। বন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের প্রথম দিন রাতে পুলিশ পাহারায় বন্দরে কনটেইনার আনা-নেওয়া হয়। বিশেষ করে পোশাকশিল্পের আমদানি করা কাঁচামাল এবং রপ্তানি পণ্য বোঝাই কনটেইনার পরিবহনে এ ব্যবস্থা নেওয়া হয়। এ কারণে কিছু কনটেইনার বন্দরে আনা-নেওয়া হয়।কনটেইনার ছাড়াও সাধারণ পণ্য খালাস ও সরবরাহ ছিল স্বাভাবিকের চেয়ে কম। সরকারের খাদ্যশস্যবাহী তিনটি জাহাজ থেকে ২৪ ঘণ্টায় ২৭৫, ৪৪০ ও ৭২৩ টন চাল খালাস হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিটি জাহাজ থেকে দেড় থেকে দুই হাজারের বেশি টন পণ্য খালাস হয়। বন্দর সূত্র জানায়, গতকাল বিকেল থেকে পণ্য খালাস স্বাভাবিক হতে থাকে। মাত্র এক দিনে বন্দর থেকে পণ্য সরবরাহ কার্যক্রমে ব্যাহত হওয়ায় বন্দরে কনটেইনারের স্তূপ জমে গেছে। গতকাল বন্দর ইয়ার্ডে কনটেইনার ছিল ২৬ হাজার ২৬টি। কনটেইনার রাখার ধারণক্ষমতা আছে ৩০ হাজার ৮৮৬ ইউনিট।