হরতালে দুর্ঘটনায় সাত পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে দায়িত্ব পালনের সময় পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা দিলে পুলিশ ও আনসারের সাত সদস্য আহত হন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের ইস্পাহানি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন খুলশী থানার উপপরিদর্শক কায়সার, কনস্টেবল সোহাগ, মিল্টন ও মওদুদ এবং আনসার সদস্য মোখলেস, বাচ্চু মিয়া ও লাল মিয়া। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কায়সার ও মিল্টনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলশী থানা পুলিশের টহল দলকে বহনকারী পিকআপটি দ্রুতগতিতে ইস্পাহানী মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বাঁ পাশের একটি চাকা ফেটে গেলে চালক কনস্টেবল সোহাগ পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সজোরে একটি খাম্বায় সেটি ধাক্কা খায়। এতে পুলিশের সদস্যরা আহত হন।