
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আহত ৩: সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, সকাল ১০টার দিকে উপজেলার মৌলভীবাজার এলাকায় হরতাল সমর্থকেরা স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে। এ সময় দুজন আহত হন। এ ছাড়া সকাল সাতটার দিকে বাউসী ব্রিজ পাড় এলাকায় হরতালকারীরা পত্রিকা সরবরাহকারী ওয়ারেছ আলীকে মারধর করে।
সাতক্ষীরায় পুলিশসহ আহত ১০: সাতক্ষীরার আশাশুনি ও তালায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্য এবং পাঁচজন হরতাল সমর্থক আহত হয়। এ ছাড়া হরতালকারীরা কালীগঞ্জ ও কলারোয়ায় কয়েকটি প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। আশাশুনি থানার ওসি মো. ফরিদউদ্দিন ও তালা থানার পরিদর্শক (তদন্ত) ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর, আটক ৫: ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, জেলায় ককটেল বিস্ফোরণ ও শহরের ট্যাংকের পাড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
শহরের কুমারশীল মোড় এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ককটেলও উদ্ধার করা হয়েছে বলে জানান জাহিদুল ইসলাম।
সিরাজগঞ্জে আহত ১৫: সিরাজগঞ্জে হরতালে সকাল থেকে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন জানান, জেলার গুরুত্বপূর্ণ সব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেইসঙ্গে র্যাব নিয়মিত টহল দিচ্ছে।
গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ: গাজীপুরে মিছিল, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোর ছয়টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে বরমী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। শ্রীপুরের মাওনা চৌরাস্তা একে মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডের পরিচালক মফিজুল ইসলাম বুলবুল জানান, সকাল ১১টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় রোগী বহনের সময় তাঁদের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় চালক বায়েজীদ (৪৫) গুরুতর আহত হন।
লালমনিরহাটে আহত ১০: লালমনিরহাটে হরতাল সমর্থকেরা সকাল থেকে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। জেলার আওয়ামী লীগ কার্যালয়, জেলা ছাত্রলীগ কার্যালয় এবং রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হরতাল সমর্থকেরা ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
নরসিংদীতে বিস্ফোরণ, ভাঙচুর, আহত ৩: হরতালের প্রথম দিনে নরসিংদীর মাধবদী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে হরতালকারীরা। আজ বেলা ১১টার দিকে এই ঘটনার সময় পুলিশ বাধা দিলে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশ ও হরতালকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়। পরে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। রাবার বুলেটের আঘাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, শ্রমিক দলের কর্মী লিটন মিয়া ও শফিকুল ইসলাম আহত হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশ কোনো রাবার বুলেট ছোড়েনি।
সীতাকুণ্ডে যুবলীগ-শিবির সংঘর্ষে আহত-৮
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকায় দুপুরে যুবলীগ-শিবির ও বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল এলাকায় যুবলীগের সঙ্গে বিএনপি-শিবিরের সংঘর্ষে চার শিবির, দুই বিএনপি ও দুই যুবলীগকর্মী আহত হয়েছেন। তারা হলেন, শিবিরকর্মী মীর হোসেন(২২), আনোয়ার হোসেন(৩০) ও নিজাম উদ্দীন (৩০)। এছাড়া সংঘর্ষে যুবলীগকর্মী মুসলিম উদ্দীন (২৮) আহত হন। বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক উম্মে শারমিন ও সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনায় আহত ৯
খুলনার পাইকগাছা উপজেলায় বাঁকা বাজারে আজ দুপুরে পুলিশ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুলিশ। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাড়ুলী ইউনিয়ন জামায়াতের আমির মো. ফুরকান আলী বলেন, পুলিশের ছোড়া রাবার বুলেটে সুরাইয়া,সুকজান ও খালেদা তিন নারী আহত হয়েছেন ।
লক্ষ্মীপুরে আহত ৫
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা গ্রামে আজ দুপুরে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষে রাবার বুলেটে পাঁচজন আহত হয়েছেন । রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মন্জুরম্নল হক আকন্দ বলেন, হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ও একটি ককটেল ছোড়ে। আইনশৃঙখলা রক্ষার জন্য পুলিশ রাবার বুলেট ছোড়ে।
পুরান ঢাকায় শিবির পুলিশ সংঘর্ষে আটক ২
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিবির কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জে সংঘর্ষে আহত ৭
কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে হরতাল সমর্থকেরা গাড়িতে অগ্নিসংযোগ করে ও ভাঙচুর চালায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের ছোড়া রাবার বুলেটে সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কেন্দুয়ায় পুলিশের গাড়িতে হামলায় চার পুলিশ আহত
নেত্রকোনার কেন্দুয়ায় হরতাল চলাকালে পুলিশকে বহনকারী গাড়িতে হামলা- ভাঙচুর এবং ইট-পাটকেলের আঘাতে থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেবসহ পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার কেন্দুয়া-চিরাং সড়কের আলীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি
আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় হরতাল চলাকালে কয়েকটি স্থানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মীরা বিচ্ছিন্ন ঘটনায় ২৮ টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করার চেষ্টা করে এবং ৩৭ টি ককটেল বিস্ফোরণ করেছে। এছাড়া হরতালের আগে পিকেটাররা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১ টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং ১৩ টি ককটেল বিস্ফোরণ করেছে।