হরতালে দৌলতদিয়া ঘাট অচল, দুর্ভোগে ২১ জেলারযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ডাকা আধা বেলা হরতালে গতকাল মঙ্গলবার কার্যত অচল হয়ে পড়ে দৌলতদিয়া ঘাট। এই ঘাট হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের ২১টি জেলার যাত্রীসাধারণকে পোহাতে হয় চরম দুর্ভোগ।

গত শনিবার রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডল সন্ত্রাসী হামলার শিকার হন। এ হামলার প্রতিবাদে তাঁর দল গত সোমবার বিকেলে এ হরতালের ডাক দেয়।

গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও ১০টার দিকেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এই চার ঘণ্টার হরতালেই সম্পূর্ণ অচল হয়ে যায় দৌলতদিয়া ঘাট। হরতাল-সমর্থনকারীরা সকাল থেকেই দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এবং দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়ক ও ঘাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে তারা। দৌলতদিয়ায় আগের দিন থেকে অবস্থান নেওয়া পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানকে নদী পাড়ি দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে পাটুরিয়া থেকে আসা গাড়িগুলোও ফেরিযোগে দৌলতদিয়ায় পৌঁছানোর পর বাধার মুখে পড়ে। একপর্যায়ে আনলোডের পর গাড়িগুলো ঘাটে আটকে রাখা হয়। লঞ্চ কিংবা ফেরি কোনোটাই ছাড়তে দেওয়া হয়নি। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

কুষ্টিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে সকাল সাড়ে আটটায় পাটুরিয়ায় পৌঁছান বরুণ মণ্ডল দম্পতি। লঞ্চ, ফেরি কিছুই না ছাড়ায় প্রায় এক ঘণ্টার অপেক্ষার পর ট্রলারে করে নদী পাড়ি দেন তাঁরা। কিন্তু দৌলতদিয়ায় পৌঁছে তাঁরা পড়েন আরেক বিপাকে। সব গাড়ি বন্ধ। পরে তাঁরা দেড় গুণ বেশি ভাড়ায় ট্রাকে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা সুব্রত ঘোষ বলেন, ‘ঢাকায় গিয়ে অফিস ধরব বলে সকালেই বাসের টিকিট কাটি। কিন্তু বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, বাস বন্ধ।’

জানতে চাইলে ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, ভোরে ফরিদপুর থেকে কিছু বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু আকস্মিক ধর্মঘটের কারণে গোয়ালন্দ উপজেলায় প্রবেশের মুখে বাসগুলো আটকে দেওয়া হয়। ফলে আর কোনো বাস ফরিদপুর স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি।

হরতালের সময়সীমা কমানো প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল বলেন, হরতাল চলাকালে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী আহসান হাবীব ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার সাত দিনের মধ্যে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিলে সকাল ১০টার দিকে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।

সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডলের গায়ে দুটি গুলি লাগে। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চেয়ারম্যানের বড় ভাই আমজাদ হোসেন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।