হরতালে নওগাঁর চালের মোকামে স্থবিরতা
বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের হরতালে স্থবির হয়ে পড়েছে নওগাঁর চালের মোকাম। হরতালের কারণে বাজার থেকে ধান কিনতে না পারায় এই মোকামের অধিকাংশ চাতালে চাল উৎপাদন বন্ধ রয়েছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এখানের ব্যবসায়ীরা দাবি করেছেন।ব্যবসায়ীরা জানান, হরতালের কারণেই গত তিন দিনে ৫০ থেকে ৬০ কোটি টাকার ধান-চাল কেনাবেচা হয়নি। একই কারণে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ বন্ধ রয়েছে।জানা গেছে, নওগাঁ জেলায় প্রায় দুই হাজার চাতাল আছে। এসব চাতালে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়। হরতালের কারণেই গত এক সপ্তাহে নওগাঁর মোকাম থেকে ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করতে পারেনি।নওগাঁর একটি চাতালের মালিক ফারুক হোসেন জানান, হরতাল থাকায় গত তিন দিনে ধান কিনতে না পারায় চাল উৎপাদনের কাজ করা যায়নি। কাজ না থাকলেও শ্রমিকদের বেতন দিতে হচ্ছে।নওগাঁ ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা জানান, এই মোকামে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকার ধান-চাল কেনাবেচা হয়। কিন্তু হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মোকামের ধান-চাল কেনাবেচার কার্যক্রম। এই হিসাবে গত তিন দিনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নিরোদ বরণ সাহা বলেন, ‘নওগাঁ জেলার ভেতরের ও দূরের যেকোনো বাজার থেকে ধান কিনে ট্রাকে করে চাতালে আনতে হয়। আগে হরতালে ভাঙচুরের ঘটনা ঘটত। কিন্তু এখন ভাঙচুরের পাশাপাশি মালামালসহ গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় নওগাঁর ব্যবসায়ী ও ট্রাকমালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কাজেই হরতালের ঘোষণা আসার এক দিন আগে থেকে হরতালের পরদিন পর্যন্ত অনেকটা বাধ্য হয়েই আমরা পণ্য পরিবহন বন্ধ রেখেছি।’