হরতালে নষ্ট হয়ে গেছে কোটি টাকার ফুল
টানা হরতালের কারণে যশোরের ঝিকরগাছা উপজেলার গদাখালীতে পৌনে এক কোটি টাকার ফুল নষ্ট হয়ে গেছে। পাইকারেরা না আসায় চাষিদের কেউ কেউ ফুল গরু-ছাগল দিয়ে খাইয়েছেন। আর্থিক ক্ষতির শিকার হয়েছেন সাড়ে আট হাজার ফুলচাষি।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে ফুলে ফুলে ছেয়ে যায় যশোর-বেনাপোল সড়কের গদাখালীর পাইকারি ফুলের বাজার। হরতালের কারণে গত কয়েক দিন পাইকারেরা এখানে ফুল কিনতে আসেননি। এ কারণে ফুলচাষিরা তাঁদের খেতের ফুল ফেলে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ ফুল গরু-ছাগলকে খাইয়েছেন।গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ লাখ টাকার ফুল চালানের মাধ্যমে গদখালী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের কোথাও ফুল পাঠানো সম্ভব হয়নি। এ কারণে গত ছয় দিনে এ অঞ্চলের ফুলচাষিদের গড়ে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আবদুর রহিম জানান, গদখালীর ৪০ শতাংশ ফুল ঢাকা ও চট্টগ্রাম এবং ৬০ শতাংশ ফুল পাইকারি দামে দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় বাজারে পাঠানো হয়। ফুলচাষি আকবর আলী জানান, এ বছর ছয় বিঘা জমিতে তিনি গোলাপ ও গ্লাডিওলাস ফুলের চাষ করেছেন। হরতালের কারণে তিনি ফুল বিক্রি করতে পারেননি। এদিকে ফোটা ফুল খেতেও রাখতে পারেননি। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার গোলাপ ও গ্লাডিওলাস ফুল কেটে তিনি গরু-ছাগল দিয়ে খাওয়াতে বাধ্য হয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। জেলার মোট আট হাজার ৫২০ জন কৃষক ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত। বাসের ছাদ, ট্রাক কিংবা ট্রলিতে সাজিয়ে গদখালীর ফুল দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। দেশের ফুলের চাহিদার বড় অংশ জোগান দেন এখানকার চাষিরা।