হরতালে নাশকতা, ট্রেন চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য হরতালে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও গতকাল রোববার জামায়াতে ইসলামীর ডাকা টানা হরতালের প্রথম দিনে বিভিন্ন স্থানে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। দেশজুড়ে জামায়াত-শিবিরের চলমান তাণ্ডবের অংশ হিসেবে রেললাইনের নাট-বল্টু খুলে ফেলা, স্টেশনে আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতার কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রেলওয়ের বিভিন্ন বিভাগীয় দপ্তর থেকে সদর দপ্তরে পাঠানো তথ্যে জানা গেছে, শনিবার রাত থেকেই হরতালের সমর্থকদের পক্ষ থেকে রেললাইন ও স্টেশনে আগুন দেওয়া শুরু হয়। অনেক রেল সেতুর নাট-বল্টু খুলে ফেলা হয়। উপড়ে ফেলা হয় রেললাইন। শনিবার রাত থেকে রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত অন্তত আটটি স্থানে রেল চলাচল বাধাগ্রস্ত হয়।শনিবার রাতে রাজশাহী স্টেশনে সিল্কসিটি ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়ার মাধ্যমে তাণ্ডব শুরু করে হরতালের সমর্থকেরা। গভীর রাতে কুলাউড়া-সিলেট পথের ভাটেরাবাজার এলাকায় সেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফজরের নামাজের আগে ফেনীর কাছে অবরোধ সৃষ্টি করলে চিটাগাং মেইল ও আন্তনগর তুর্ণা নিশিথা ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছায়। ভোরে নোয়াখালীর সোনাইমুড়িতে রেললাইন তুলে ফেলার কারণে ঢাকা নোয়াখালী পথে চলাচলকারী নোয়াখালী এক্সপ্রেস ও আন্তনগর উপকূল ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়। চট্টগ্রামের নাজিরহাট ও দোহাজারীতে হরতালের সমর্থকদের অবরোধের কারণে লোকাল ট্রেন চলাচলে বিলম্ব হয়। সকালে বগুড়ায় দুটি রেলস্টেশনে ভাঙচুর-আগুন এবং রেললাইনে আগুন দেওয়ার কারণে সান্তাহার-বোনারপাড়া লাইন অচল হয়ে পড়ে। এ কারণে আন্তনগর লালমনিরহাট এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন চলাচল করতে পারেনি।রেলের কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই রেলের সদর দপ্তর থেকে সব বিভাগীয় পর্যায়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। রেললাইন ধরে পরিদর্শন বাড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।