হরতালে নাশকতা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার আটজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাশকতা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার এক নারীসহ আটজনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ আদেশ দেন। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ এ হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।

মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামের (৩০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাকি সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁরা হলেন মিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, ফারজানা, শহীদুল্লাহ, মিজানুর রহমান ও হুজ্জাতউল্লাহ। এ ছাড়া মুজিবুর রহমান নামে গ্রেপ্তার আরেক তরুণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মামলার প্রাথমিক বিবরণ থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে মিরপুরের পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে ২৫টি তাজা ককটেলসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ এই নয়জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম। রিমান্ড আবেদনে তিনি বলেন, মীর কাসেম আলীর রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির জন্য এই আসামিরা ষড়যন্ত্র করছিলেন। মামলার ১ নম্বর আসামি মাজহারুল ইসলামের দেওয়া তথ্য অনুসারে, তাঁর খাটের নিচ থেকে ২৫টি ককটেল জব্দ করা হয়। এই রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এই আসামিরা ষড়যন্ত্রের শিকার। শুনানি শেষে আদালত নয়জনের মধ্যে আটজনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে প্রধান আসামির দুই দিন এবং সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আর এক আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।