ওয়াসার ভয়, মানুষের কষ্ট
হরতালে নাশকতার আশঙ্কায় পানিবাহী গাড়ি চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম ওয়াসা
এক গাড়ি পানির (ভাউজার) জন্য গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম ওয়াসায় টাকা জমা দেন হালিশহর এ ব্লকের বাসিন্দা সিরাজুল হক। এক সপ্তাহের মধ্যে পানি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাঁকে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত ওয়াসার পানিবাহী গাড়ি তাঁর বাসায় যায়নি।
কেন পানিবাহী গাড়ি বাসায় পাঠানো হয়নি—এ নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করার পর সিরাজুল হককে জানানো হয়ে, হরতালে পানি সরবরাহ বন্ধ রেখেছে সংস্থাটি। পানি না পেয়ে তাঁর মতো অন্তত ৮০ জন গ্রাহক গত ১০ দিনে ওয়াসা কার্যালয়ে অভিযোগ করেছেন।
নগরের যেসব এলাকার বাসিন্দা ওয়াসার গ্রাহক হওয়া সত্ত্বেও পানির সমস্যায় ভুগছেন, টাকার বিনিময়ে তাঁদের গাড়িতে করে পানি সরবরাহ করা হয়। কিন্তু হরতালে নাশকতার ভয়ে চট্টগ্রাম ওয়াসা নগরে পানিবাহী গাড়ি চলাচল বন্ধ রেখেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। টাকা জমা দিয়েও পানি না পাওয়ায় ক্ষুব্ধ তাঁরা। বিশেষ করে হালিশহর, পতেঙ্গা, শুলকবহরসহ যেসব এলাকায় বছরের পর বছর ওয়াসার লাইনে পানি পাওয়া যায় না, তারাই পানিবাহী গাড়ির প্রধান গ্রাহক। এ ছাড়া সেনানিবাস, কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও ভাউজারে পানি সরবরাহ করা হয়।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হরতালে আমরা ঝুঁকি নিতে পারছি না। ফলে কিছুটা সমস্যা তো হচ্ছেই। তবে এভাবে যদি একটানা হরতাল চলতে থাকে, তাহলে সামনে প্রশাসনের সহায়তা চাইব।’
চট্টগ্রামে বর্তমানে পানির চাহিদা দৈনিক গড়ে প্রায় ৫২ কোটি লিটার। ওয়াসা সরবরাহ করে দৈনিক গড়ে ২০-২১ কোটি লিটার।
হরতালের কারণে পানির ভোগান্তির বিষয়ে হালিশহর আই ব্লক সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মুনির হোসেন বলেন, ‘বছরের পর বছর আমরা ওয়াসার পানি থেকে বঞ্চিত। এখন নগদ টাকা দিয়ে পানি পেতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোনো অজুহাত পেলেই ওয়াসা পানি সরবরাহ বন্ধ রাখে।’
ওয়াসা সূত্রে জানা গেছে, গত পাঁচ জানুয়ারি থেকে অবরোধ কর্মসূচি শুরুর পরও নগরে পানিবাহী গাড়ির চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু হরতালের দিন রাস্তায় গাড়ি নামানো বন্ধ করে দেয় ওয়াসা। ১ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত নয় দিন হরতাল ছিল। মাঝে গত শুক্রবার ও শনিবার ছাড়া নগরে কোথাও ভাউজারে পানি সরবরাহ করেনি ওয়াসা। শুধু সেনানিবাসে সেনা প্রহরায় পানি সরবরাহ করা হয়েছে।
ওয়াসা জানিয়েছে, বর্তমানে সংস্থার পানিবাহী গাড়ি ১৪টি। এর মধ্যে ১১টি গাড়ি সচল রয়েছে। হরতালে গাড়ি বের করা হলে যদি নাশকতার শিকার হয়, এ ভয়ে গাড়ি চলাচল রাখা বন্ধ রয়েছে।
চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত মৌসুমে নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ৫০ গাড়ি পানি সরবরাহ করা হয়। একেকটি গাড়ির পানি ধারণক্ষমতা ১০ হাজার লিটার। এক গাড়ি পানির দাম ১ হাজার ৪০০ টাকা। তবে জরুরিভিত্তিতে সরবরাহ করা হলে এক গাড়ি পানির জন্য ওয়াসা নেয় আড়াই হাজার টাকা। এ সেবার আওতায় সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পানি সরবরাহ করা হয়। তবে জরুরিভিত্তিতে পানি সরবরাহের জন্য যেসব গ্রাহক আবেদন করেছিলেন, হরতালের কারণে তাঁদেরও অপেক্ষায় থাকতে হচ্ছে।